প্যারিস অলিম্পিক বয়কট করতে পারে ৪০ দেশ

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমসের পরবর্তী আসর বসবে ফ্রান্সের প্যারিসে। আর এই অলিম্পিক ৪০টির মতো দেশ বয়কট করতে পারে।

গতকাল শুক্রবার পোল্যান্ডের ক্রীড়া ও পর্যটনমন্ত্রী কামিল বোর্নিজুক এই তথ্য জানান।

এর আগে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির (আইওসি) রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের ২০২৪ অলিম্পিক প্রতিযোগিতায় অংশ নিতে অনুমোদন দেওয়ার পরিকল্পনা পোল্যান্ড, লিথুয়ানিয়া, এস্তোনিয়া ও লাটভিয়া যৌথভাবে প্রত্যাখ্যান করে।

রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের সুযোগ দেওয়া হলে ইউক্রেনও প্যারিস অলিম্পিক বয়কট করবে বলে হুমকি দিয়েছে। তবে আইওসি বৃহস্পতিবার বলেছে, যে কোনো ধরনের বয়কটে কেবল ‘ক্রীড়াবিদরাই শাস্তি’ পাবে।

কামিল বোর্নিজুক বলেন, তিনি বিশ্বাস করেন, আইওসির ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বৈঠকের আগে সংস্থাটির পরিকল্পনা ঠেকাতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডাসহ ৪০টি দেশ নিয়ে একটি জোট গঠন করা সম্ভব।

তিনি বলেন, জোট গঠনের বিষয়টি বিবেচনা করে আমি মনে করি, অলিম্পিকের আগে আমরা কোনো কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হবো না। যদি আমরা অলিম্পিক বয়কট করি, তবে আমাদের জোট ২০২৪ অলিম্পিককে অর্থহীন করে তোলার জন্য যথেষ্ট।

গত সপ্তাহে আইওসি ঘোষণা করে, রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদদের নিরপেক্ষ প্রতিনিধি হিসেবে প্যারিস অলিম্পিকে অংশ নিতে একটি পথ বের করবে সংস্থাটি। শুধু পাসপোর্টের কারণে ক্রীড়াবিদদের কোনো প্রতিযোগিতায় অংশ নেওয়ায় বাধা দেওয়া উচিত নয়।

এদিকে সংস্থাটির এ পরিকল্পনার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটি বলেছে, এই পরিকল্পনা বিশ্বকে যুদ্ধের বাস্তবতা থেকে দূরে নিয়ে যাবে।

Comments (0)
Add Comment