মাঝ আকাশে ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ফলে যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্ট এয়ারলাইনসের একটি বিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। বোয়িং ৭৩৭-৭০০ বিমানটি নিউ অরলিন্স থেকে অরল্যান্ডো যাচ্ছিল। সকাল ৯টা ৪০ মিনিটে সেটি ওকলাহোমা শহরে জরুরি অবতরণ করে। রোববার এয়ারলাইন্স কর্তৃপক্ষ বিমানের ত্র“টির কথা স্বীকার করলেও ইঞ্জিনে অগ্নিকাণ্ডের কথা অস্বীকার করেছে। স্বামী ও তিন সন্তানসহ বিমানে থাকা এক নারী বলেন, ‘একটা বৃহৎ বিস্ফোরণের শব্দ শুনি। এরপর ধোঁয়া দেখতে পাই, আর কিছু দেখিনি। বাতাসে বিমানের যন্ত্রাংশ উড়তে দেখি।’ ওই নারী জানান, বিমানটি ঝঁকুনি খেতে থাকে এবং শ্বাসকষ্ট যেন না হয় সেজন্য সবাইকে মুখোশ দেয়া হয়। যাত্রীরা চিৎকার ও কান্নাকাটি শুরু করে। বিমান থেকে গ্রহণ করা এবং অনলাইনে প্রচার করা ছবিতে দেখা যায়, ইঞ্জিনের একাংশ পুড়ে গেছে। সাউথওয়েস্ট কর্তৃপক্ষ কোনো বিস্ফোরণের কথা অস্বীকার করে বলেছে, দুর্ঘটনার কারণ জানতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের সঙ্গে কাজ করবে তারা।