ডানা মেলতেই হোঁচট খেল জাপানের উড়োজাহাজ স্বপ্ন

পরীক্ষামূলক উড্ডয়নে উপর্যুপরি দুবার ব্যর্থ হওয়ার পর নতুন করে সাজঘরে ফিরেছে জাপানের প্রথম স্থানীয়ভাবে নির্মিত উড়োজাহাজ। নির্মাতারা জানিয়েছেন, প্রয়োজনীয় মেরামতের পর তারা উড্ডয়নের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। খবর আসাহি শিম্বুন ও ফ্লাইটস গ্লোবাল।

বড় ও বিলাসবহুল উড়োজাহাজের বাজারে যুক্তরাষ্ট্রের বোয়িং ও ইউরোপের এয়ারবাসের কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত। মাঝারি মানের উড়োজাহাজ ব্যবসায় দীর্ঘদিন ধরে দাপট চলছে ব্রাজিলের অ্যামব্রেয়ার ও কানাডার বোম্বার্ডিয়ারের। জাপান চেয়েছিল এ বাজারের হিস্যা নিতে। কিন্তু দেশটির সে উচ্চাভিলাষ বারবার হোঁচট খাচ্ছে।

জাপানের মিত্সুবিশি এয়ারক্রাফট করপোরেশন আঞ্চলিক ফ্লাইটের জন্য মিত্সুবিশি রিজিওনাল জেট (এমআরজে) নির্মাণ করেছিল। ৯২ আসনবিশিষ্ট এমআরজে নিয়ে মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ করপোরেশনের সহযোগী প্রতিষ্ঠানটির আশার পালে সম্প্রতি নতুন হাওয়া লেগেছে বোম্বার্ডিয়ারের একটি ঘোষণায়।

কানাডীয় প্রতিষ্ঠানটি বলেছে, ১০০-এর কম আসনবিশিষ্ট উড়োজাহাজ বহরে নতুন সংযোজনের পরিবর্তে এখন থেকে তারা সি-সিরিজ জেট নির্মাণে মনোনিবেশ করবে। সি-সিরিজ বহরের উড়োজাহাজগুলো ১৬০ জন পর্যন্ত যাত্রী ধারণে সক্ষম।

বোম্বার্ডিয়ারের ঘোষণার পর কম আসনের উড়োজাহাজ বাজারে মিত্সুবিশি এয়ারক্রাফটের প্রবেশ সহজ হতে পারত। ক্রেতারা মিত্সুবিশিকে সেজন্য প্রণোদনাও দিয়েছিল। অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ) এবং আরো কয়েকটি আকাশসেবা সংস্থা মিত্সুবিশিকে এমআরজের জন্য সরবরাহ আদেশ দিয়েছে। ২০১৮ সালের মাঝামাঝি সময়ে এএনএকে মিত্সুবিশির প্রথম উড়োজাহাজ সরবরাহ করার কথা।

এমআরজে উড়োজাহাজ টানা তিন হাজার কিলোমিটারের বেশি উড়তে সক্ষম। মিত্সুবিশি এয়ারক্রাফট করপোরেশন ৭০ ও ৯০ আসনবিশিষ্ট দুটি মডেল বাজারজাতের ঘোষণা দিয়েছে।

এমআরজের জন্য প্রথম ইউরোপীয় সরবরাহ আদেশ এসেছে গত ফেব্রুয়ারিতে। মিত্সুবিশি এ পর্যন্ত ৪০৭টি উড়োজাহাজ সরবরাহ আদেশ পেয়েছে। সবচেয়ে বেশি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের দুটি আকাশসেবা সংস্থা।

এমআরজে নিয়ে মিত্সুবিশি এয়ারক্রাফট করপোরেশন এরই মধ্যে কয়েক দফা হোঁচট খেয়েছে। প্রথমে উড়োজাহাজের শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। তবে তা বাণিজ্যিকভাবে এমআরজের ডানা মেলা ব্যাহত করবে না বলে বিশ্লেষকরা মনে করছেন।

ম্যাকোয়ারি ক্যাপিটাল সিকিউরিটিজের কেনজিন হোত্তা বলেন, শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে এমআরজের সরবরাহ নতুন করে স্থগিত হবে না। আগে হোক কি পরে হোক, এমআরজে ঠিকই এগিয়ে যাবে।

গত নভেম্বরে এমআরজে প্রথম আকাশে ওড়ে। যুক্তরাষ্ট্রের বাজারে উড়োজাহাজ বিক্রির পথ সুগম করতে মিত্সুবিশি মার্কিন কর্তৃপক্ষের কাছে সনদের আবেদন জানিয়েছে। এজন্য কোম্পানি তাদের চারটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের আকাশে উড্ডয়ন ও পরীক্ষণের উদ্যোগ নিয়েছে।

মিত্সুবিশি এয়ারক্রাফট জানিয়েছে, জাপান থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে এমআরজে চারদিনে ৮০ হাজার মাইল পথ পাড়ি দেবে। নাগোয়া থেকে উড্ডয়নের পর উড়োজাহাজটি পথিমধ্যে তিনবার জ্বালানি নেবে। জাপানের হোক্কাইডো দ্বীপে প্রথম জ্বালানি নেবে এমআরজে। এর পর রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ও যুক্তরাষ্ট্রের আলাস্কায় দ্বিতীয় ও তৃতীয় দফা জ্বালানি নেয়া হবে। সবশেষে ওয়াশিংটন রাজ্যের গ্র্যান্ট কাউন্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করবে এমআরজে।

কিন্তু উপর্যুপরি দুবার এমআরজে যুক্তরাষ্ট্রের পথে উড়তে গিয়ে ফিরতে বাধ্য হয়েছে।

সবশেষ গত রোববার এমআরজের একটি উড়োজাহাজ যুক্তরাষ্ট্রের পথে জাপানের হোক্কাইডো দ্বীপের উদ্দেশে রওনা হয়। নাগোয়া এয়ারপোর্ট থেকে স্থানীয় সময় বেলা ১টায় উড়োজাহাজটি উড্ডয়ন করে। কিন্তু মধ্যাকাশে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়ায় উড়োজাহাজটি আবারো নাগোয়ায় ফিরে যায়। বেলা ৩টায় সেটি নাগোয়ায় অবতরণ করে।

আগের দিন শনিবার একই সমস্যার কারণে এমআরজের প্রথম প্রবাসমুখী ফ্লাইট বাতিল ঘোষিত হয়। নাগোয়ায় স্থানীয় সময় বেলা ১১টা ৪৭ মিনিটে উড্ডয়নের ৬৩ মিনিট পর উড়োজাহাজটি আবার সেখানে ফিরতে বাধ্য হয়।

গত ৫০ বছরে এমআরজে হলো, জাপানের প্রথম স্থানীয়ভাবে নির্মিত উড়োজাহাজ। স্থানীয়ভাবে জাপানের নির্মিত শেষ উড়োজাহাজ ওয়াইএস-১১। টার্বোপ্রপ উড়োজাহাজ ওয়াইএস-১১ নির্মাণ করেছিল নিহন এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং করপোরেশন। এ কনসোর্টিয়ামের অংশী ছিল মিত্সুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ ও ফুজি হেভি ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ১৮২টি উড়োজাহাজ বিক্রির পর নিহন এয়ারক্রাফট উত্পাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে।

নাগোয়ায় মিত্সুবিশি এয়ারক্রাফটের মুখপাত্র কেনিচি তাকেমোরি বলেছেন, উড়োজাহাজ নতুনভাবে পরিবীক্ষণের পর যুক্তরাষ্ট্রে যাওয়ার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

মিত্সুবিশির মুখপাত্র ‘উড্ডয়নকালে এমআরজের এয়ার ম্যানেজমেন্ট সিস্টেম পরিদর্শনের প্রয়োজনীয়তা’ স্বীকার করেন।

কেনিচি তাকেমোরি বলেন, এয়ার ম্যানেজমেন্ট সিস্টেমের সেন্সরে ত্রুটি ছিল। সেন্সর প্রতিস্থাপনের পর ভালো ফল মিলেছে।

Comments (0)
Add Comment