বিমান বাংলাদেশের স্টাফ বাসে আগুন, দগ্ধ ১

রাজধানীর বনানীতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি স্টাফ বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। এ ঘটনায় মানিক দাস (৪৫) নামে বিমানের এক কর্মী আহত হন। তিনি প্রতিষ্ঠানটির ক্লিনার হিসেবে চাকরি করতেন।

গতকাল রোববার (১২ নভেম্বর) রাত সাড়ে এগারোটার দিকে এ ঘটনা হয়। পরে দগ্ধ অবস্থায় মানিক দাসকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরী বিভাগে আনা হয়।

মানিক দাস জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ক্লিনার তিনি। একটি স্টাফ বাসে তিনি এয়ারপোর্ট থেকে আজিমপুর যাচ্ছিলেন। পথে বনানী এলাকায় বাইরে থেকে কেউ একজন কিছু একটা ছুড়ে মারলে সঙ্গে সঙ্গে বাসের ভেতরে আগুন ধরে যায়। তখন তিনি দগ্ধ হন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এয়ারপোর্ট থেকে আজিমপুরগামী একটি স্টাফ বাস কাকলী ফুটওভারব্রিজের নিচে পৌঁছলে বাসের ভেতরে ছোট্ট একটি আগুনের ঘটনা ঘটে। বাসে সবাই ছিলেন অফিসের স্টাফ।

তিনি আরও জানান, বাসে থাকা অন্য লোকজন পুলিশকে বলেছে, সিগারেটের আগুন থেকে বাসের সিটে আগুন ধরতে পারে। কারণ, জানালা বন্ধ থাকায় বাইরে থেকে বাসের ভেতরে কোনো কিছু প্রবেশ করা সম্ভব ছিল না। তবুও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

Comments (0)
Add Comment