ইউক্রেনের ১১টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী

ইউক্রেনের বড় ধরনের হামলাচেষ্টা ঠেকিয়ে দিলো মস্কো। রাশিয়ার মস্কো, তুউলা, কালুগা এবং ব্রায়ানস্ক অঞ্চলের আকাশসীমায় ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী।

আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর তাসের।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে হামলা চালায় কিয়েভ সরকার। তবে এ হামলার প্রচেষ্টা রোববার মস্কোর প্রতিরক্ষা বাহিনী ব্যর্থ করে দিয়েছে।

এদিন অন-ডিউটিতে থাকা রাশিয়ার প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মস্কো, তউুলা, কালুগা এবং ব্রায়ানস্কের আকাশসীমায় ইউক্রেনের ১১টি ড্রোন গুলি করে ধ্বংস করেছে।

ব্রায়ানস্ক অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রামে বলেন, ওই অঞ্চলে দু’টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রাজধানীতে ইউক্রেনের একটি বড় ড্রোন হামলা ব্যর্থ করে দিয়েছে। এছাড়া পার্শ্ববর্তী আরও তিনটি অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলা ঠেকিয়ে দিয়েছে রাশিয়া।

এর আগে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে সবচেয়ে বড় ড্রোন হামলা চালায় রাশিয়া। ওই হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু স্থাপনা।

Comments (0)
Add Comment