মালয়েশিয়ার পেরাক অঙ্গরাজ্যের চেমোরের কানথান শিল্প এলাকায় অবস্থিত দুটি রাবার গ্লাভস তৈরির কারখানায় অভিযান চালিয়ে ৭৯ জন বাংলাদেশি শ্রমিককে আটক করেছে ইমিগ্রেশন বিভাগ। বুধবার (৮ এপ্রিল) রাত ৭টা থেকে শুরু হওয়া এই অভিযানে শ্রম বিভাগ, পুলিশ, জেনারেল অপারেশন ফোর্স ও জাতীয় নিবন্ধন বিভাগের সদস্যরাও অংশ নেন।
পেরাক ইমিগ্রেশন বিভাগের পরিচালক দাতুক জেমস লি জানান, প্রথম কারখানা থেকে ৫৬ জন এবং দ্বিতীয় কারখানা থেকে বাকি শ্রমিকদের আটক করা হয়।
কর্মঘণ্টার শিফট পরিবর্তনের সময় সবাই ধরা পড়েন।
প্রাথমিক তদন্তে দেখা গেছে, আটক বাংলাদেশিরা মালয়েশিয়ায় প্রবেশের সময় যে ভিজিট পাস ব্যবহার করেছিলেন, সেটির মেয়াদ শেষ হয়ে গেছে কিংবা তারা তা অপব্যবহার করেছেন।
আরও সন্দেহ হচ্ছে, একই মূল কোম্পানির অধীন এই দুটি কারখানায় অন্য কোম্পানি বা খাতে নিবন্ধিত বিদেশি শ্রমিকদের অবৈধভাবে কাজে লাগানো হয়েছে।
আটকদের বিরুদ্ধে ১৯৬৩ সালের ইমিগ্রেশন বিধিমালার ৩৯বি ধারায় (পাস, পারমিট বা সীমান্ত পাসের অপব্যবহার) মামলা করা হবে।
পাশাপাশি শ্রম বিভাগও তাদের নিজস্ব আইনে তদন্ত করবে। পরিচালক আরও জানান, গত বছরের পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ওই দুটি কারখানায় অভিযান চালানো হলো।
তিনি স্পষ্ট জানিয়েছেন, বিদেশি শ্রমিকদের পাশাপাশি আইন ভঙ্গকারী নিয়োগকর্তাদেরও ছাড় দেওয়া হবে না।