কম্বোডিয়ায় অনিয়মিত বাংলাদেশিদের জন্য বিশেষ সুযোগ

কম্বোডিয়ায় যেসব বাংলাদেশি অনিয়মিতভাবে (যেমন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে অথবা অবৈধ কাজে জড়িত) অবস্থান করছেন, তাদের জন্য দেশটির সরকার একটি সীমিত সময়ের বিশেষ সুযোগ ঘোষণা করেছে।

আগামী ৩০ এপ্রিলের মধ্যে স্বেচ্ছায় দেশে ফিরে এলে তারা আইনি জটিলতা এড়াতে পারবেন।

এর পর অনিয়মিতভাবে অবস্থানকারী বিদেশিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক জানিয়েছে, অনিয়মিত বাংলাদেশিদের নিরাপদে ফিরিয়ে আনতে তারা সহায়তা করছে।

এই প্রক্রিয়ায় ভিসার মেয়াদ শেষ থাকার জরিমানা মওকুফ এবং প্রয়োজনীয় ট্রাভেল পাস দেওয়া হচ্ছে।

ইতোমধ্যে নমপেনে কনস্যুলার ক্যাম্পের মাধ্যমে অনেক বাংলাদেশি ট্রাভেল পাস পেয়েছেন।

তবে দুঃখজনকভাবে, কিছু ব্যক্তি ট্রাভেল পাস নিয়েও দেশে ফিরছেন না; বরং কম্বোডিয়ায় অবস্থান করছেন বা অন্য দেশে পালানোর চেষ্টা করছেন।

দূতাবাস সতর্ক করে বলেছে, এ ধরনের কাজ শাস্তির ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়।

দূতাবাস সব আগ্রহী বাংলাদেশিকে দ্রুত আবেদন করার আহ্বান জানিয়েছে।

ট্রাভেল পাসের জন্য পাসপোর্টের কপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স, ছবি ও বর্তমান ঠিকানা জমা দিতে হবে। জরিমানা মওকুফের সুবিধা পেতে পাসপোর্ট ও ভিসার কপি জমা দেওয়া বাধ্যতামূলক।

সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে—কোনো প্ররোচনায় না গিয়ে নির্ধারিত সময়ের মধ্যেই দেশে ফিরে আসার উদ্যোগ নেওয়ার অনুরোধ জানিয়েছে দূতাবাস।

Comments (0)
Add Comment