সিলেট-সৌদি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে চায় সৌদিয়া এয়ারলাইন্স : রাষ্ট্রদূত

সিলেট-সৌদি রুটে সরাসরি ফ্লাইট চালুর আহ্বান সৌদি রাষ্ট্রদূতের

ঢাকা: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া সিলেট-সৌদি আরব রুটে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ করতে এই পদক্ষেপ জরুরি বলে তিনি উল্লেখ করেন।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ আহ্বান জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশির একটি বড় অংশ সিলেট অঞ্চলের বাসিন্দা। সরাসরি ফ্লাইট না থাকায় তাদের দীর্ঘ সময় ও অতিরিক্ত ব্যয় বহন করে ভ্রমণ করতে হচ্ছে। এ প্রেক্ষাপটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিয়ার সরাসরি ফ্লাইট চালুর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।

প্রস্তাবটি ইতিবাচকভাবে গ্রহণ করে উপদেষ্টা আরিফুল হক চৌধুরী বলেন, এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বৈঠকে সৌদি আরবে শ্রমবাজার, জনশক্তি রপ্তানি প্রক্রিয়া এবং প্রবাসী কর্মীদের কল্যাণ নিয়েও আলোচনা হয়। বর্তমানে সৌদি আরবে প্রায় ৩০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন।

এ সময় রাষ্ট্রদূত কিছু রিক্রুটিং এজেন্সির অনিয়মের বিষয়টি তুলে ধরে ৯৯০টি নিবন্ধিত এজেন্সির মধ্যে যারা নিয়ম ভঙ্গ করছে, তাদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের অভিযোগ দ্রুত সমাধানে সৌদি সরকার ও দূতাবাসের সঙ্গে যৌথভাবে একটি অ্যাপ চালুর প্রস্তাবও দেন তিনি।

সংশ্লিষ্টরা মনে করছেন, সিলেট-সৌদি রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে, খরচ হ্রাস পাবে এবং দুই দেশের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে।

Comments (0)
Add Comment