শাহজালালে পৌঁছাল ইরাকে নিহত বাংলাদেশির মরদেহ

রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে

ইরাকে নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা মোহাম্মদ শ্রাবনের মরদেহ অবশেষে দেশে পৌঁছেছে। শুক্রবার সকালে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন এবং পরে তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। এসময় নিহতের স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।

নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মোহাম্মদ নলি মিয়ার ছেলে। প্রায় এক দশক আগে পরিবারের আর্থিক সচ্ছলতার আশায় জীবিকার সন্ধানে ইরাকের রাজধানী বাগদাদে পাড়ি জমিয়েছিলেন। সেখানে বিভিন্ন কাজে নিয়োজিত থেকে তিনি পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালন করতেন। তবে সম্প্রতি বাগদাদে যুদ্ধকালীন পরিস্থিতিতে নিক্ষিপ্ত একটি মিসাইলের আঘাতে তার মর্মান্তিক মৃত্যু হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ইসলাম ওবায়েদ। তিনি বলেন, বিদেশে কর্মরত বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের যেকোনো মৃত্যু দেশের জন্যই বেদনাদায়ক। তিনি নিহতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

বাগদাদে বাংলাদেশ দূতাবাসের সার্বিক তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়। দূতাবাস সূত্রে জানা যায়, গত ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইট নম্বর TK0843-এ মরদেহটি পাঠানো হয়েছিল। পরে তুরস্কে প্রায় ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে আরেকটি ফ্লাইট TK0712-এ করে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছায় মরদেহটি।

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এসময় দাফন-কাফনের খরচ বাবদ সরকারের পক্ষ থেকে ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক নিহতের স্বজনদের হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এর আগে গত ২৫ মে বাগদাদে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) পারভেজ আলম চৌধুরী এক দাফতরিক পত্রের মাধ্যমে মোহাম্মদ শ্রাবনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হওয়ার তথ্য জানান। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Comments (0)
Add Comment