মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রীর পছন্দ ইউএস-বাংলা এয়ারলাইন্স

মৌলভীবাজার সফরে প্রধানমন্ত্রীর পছন্দ ইউএস-বাংলা এয়ারলাইন্স

ঢাকা: মৌলভীবাজার সফরে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের সেবা বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকালে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে যাত্রা করেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর একদিনের মৌলভীবাজার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেটে পৌঁছে তিনি সড়কপথে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। সফরের গুরুত্বপূর্ণ কর্মসূচির মধ্যে ছিল সরকারের নতুন সামাজিক সুরক্ষা উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন।

প্রধানমন্ত্রীর এই সফরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট ব্যবহার করাকে দেশের বেসরকারি বিমান পরিবহন খাতের প্রতি আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সাম্প্রতিক বছরগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি সময়নিষ্ঠ পরিচালনার মাধ্যমে যাত্রীদের আস্থা অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

মৌলভীবাজার সফর শেষে সন্ধ্যায় প্রধানমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন স্থানে তাকে স্বাগত জানাতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। সফর উপলক্ষে জেলায় নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।

Comments (0)
Add Comment