বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে অননুমোদিত গুগল ফরম তৈরি করে নিয়োগসংক্রান্ত তথ্য সংগ্রহের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশবাসীকে সতর্ক করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থাটি। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের নামে প্রচারিত ওই ফরম কিংবা এর মাধ্যমে পরিচালিত কোনো কার্যক্রমের সঙ্গে বিমানের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই। তাই অপরিচিত লিংকে ব্যক্তিগত তথ্য দেওয়া বা কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ব্যবহার করে একটি অননুমোদিত গুগল ফরমের মাধ্যমে চাকরিপ্রত্যাশীদের কাছ থেকে নিয়োগসংক্রান্ত বিভিন্ন তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে বিমান কর্তৃপক্ষ এ ধরনের কোনো ফরম তৈরি, চালু বা অনুমোদন করেনি। ফলে ফরমটির মাধ্যমে তথ্য সংগ্রহসহ সংশ্লিষ্ট সব কার্যক্রম সম্পূর্ণ অননুমোদিত।
বিমান কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, সংস্থাটির নিয়োগসংক্রান্ত কার্যক্রম নির্দিষ্ট নিয়ম ও অনুমোদিত প্রক্রিয়া অনুসরণ করে পরিচালিত হয়। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নেওয়া হয় এবং তা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়। পাশাপাশি চাকরিপ্রার্থীদের আবেদন গ্রহণ ও নিয়োগসংক্রান্ত কার্যক্রম পরিচালনার জন্য টেলিটকের নির্ধারিত অনলাইন নিয়োগব্যবস্থা ব্যবহার করা হয়।
এ ছাড়া বিমানের নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তি, প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য ঘোষণা সংস্থাটির অনুমোদিত ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। তাই সামাজিক যোগাযোগমাধ্যম কিংবা অপরিচিত কোনো ওয়েবসাইটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামে নিয়োগ বিজ্ঞপ্তি বা আবেদন ফরম দেখলে তা যাচাই না করে বিশ্বাস না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
বিশেষ করে চাকরিপ্রার্থীদের ব্যক্তিগত তথ্য, জাতীয় পরিচয়পত্রের নম্বর, মোবাইল নম্বরসহ গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার আগে ফরমটির সত্যতা নিশ্চিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অননুমোদিত কোনো লিংকের মাধ্যমে আবেদন ফি বা অন্য কোনো অর্থ পরিশোধ না করার জন্যও সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিয়োগসংক্রান্ত যেকোনো তথ্যের সত্যতা যাচাই করতে জাতীয় দৈনিক পত্রিকা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অনুমোদিত ওয়েবসাইট এবং টেলিটকের নির্ধারিত নিয়োগ পোর্টারের ওপর নির্ভর করতে হবে।
চাকরিপ্রত্যাশীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রতারণার ঝুঁকি এড়াতে বিমান কর্তৃপক্ষের এই সতর্কবার্তা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। সংস্থাটির নামে ভুয়া ফরম বা লিংক ছড়ি