দুবাই ভ্রমণকারীদের জন্য এমিরেটসের আকর্ষণীয় সামার সুবিধা

গ্রীষ্মকালীন ভ্রমণকে আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে ২০২৬ সালের জন্য বিশেষ ‘সামার ট্রাভেল পার্কস’ ঘোষণা করেছে।

গ্রীষ্মকালীন ভ্রমণকে আরও আকর্ষণীয় ও সাশ্রয়ী করতে ২০২৬ সালের জন্য বিশেষ ‘সামার ট্রাভেল পার্কস’ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের শীর্ষস্থানীয় বিমান সংস্থা এমিরেটস। নতুন এই অফারের আওতায় দুবাইগামী বা দুবাই হয়ে অন্য গন্তব্যে ভ্রমণকারী যাত্রীরা বিনামূল্যে বিলাসবহুল হোটেলে থাকার সুযোগ, বিভিন্ন পর্যটনকেন্দ্র, রেস্তোরাঁ, শপিং ও বিনোদন সুবিধায় বিশেষ ছাড়সহ নানা আকর্ষণীয় সুবিধা উপভোগ করতে পারবেন।

এমিরেটস জানিয়েছে, যাত্রীরা নির্ধারিত শর্ত পূরণ করলে দুবাইয়ের বিখ্যাত জেডব্লিউ ম্যারিয়ট মার্কুইস হোটেলে বিনামূল্যে থাকার সুযোগ পাবেন। পাশাপাশি জনপ্রিয় ‘মাই এমিরেটস পাস’ ব্যবহারের মাধ্যমে শহরের শত শত রেস্তোরাঁ, শপিং মল, স্পা, পর্যটনকেন্দ্র এবং বিনোদন প্রতিষ্ঠানে বিশেষ মূল্যছাড় পাওয়া যাবে। এর ফলে যাত্রীরা কম খরচে আরও সমৃদ্ধ ভ্রমণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন।

এয়ারলাইনটির ভাষ্য, কেউ দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটিতে দুবাই ভ্রমণের পরিকল্পনা করুন কিংবা কেবল কয়েক ঘণ্টার ট্রানজিটে শহরটিতে অবস্থান করুন—উভয় ক্ষেত্রেই এই অফার কাজে লাগানো যাবে। বিলাসিতা, সংস্কৃতি, রোমাঞ্চকর অভিজ্ঞতা এবং পরিবারবান্ধব বিনোদনের সমন্বয়ে দুবাইকে আরও কাছ থেকে দেখার সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সারা বছর ভ্রমণের উপযোগী গন্তব্য হিসেবে পরিচিত দুবাই বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফা, আধুনিক থিম পার্ক, ওয়াটার পার্ক, জাদুঘর, ইনডোর বিনোদন কেন্দ্র, ইন্টারঅ্যাকটিভ আর্ট গ্যালারি এবং ঐতিহ্যবাহী সাংস্কৃতিক স্থানসহ নানা আকর্ষণ রয়েছে। গ্রীষ্মের তীব্র গরমেও শীতাতপ নিয়ন্ত্রিত অসংখ্য দর্শনীয় স্থান ও বিনোদনকেন্দ্র পর্যটকদের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করে।

এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আদনান কাজিম বলেন, “যারা বিশ্রাম, রোমাঞ্চ, বিনোদন অথবা সবকিছুর সমন্বয়ে একটি স্মরণীয় গ্রীষ্মকালীন ছুটি কাটাতে চান, তাদের জন্য দুবাই আদর্শ গন্তব্য। আমরা চাই, যাত্রীরা শুধু উড়োজাহাজে ভ্রমণই নয়, বরং দুবাইয়ে অবস্থানকেও একটি বিশেষ অভিজ্ঞতায় পরিণত করুন। তাই বিনামূল্যে হোটেলে থাকার সুযোগের পাশাপাশি কেনাকাটা, খাবার, বিনোদন এবং পরিবারবান্ধব নানা কার্যক্রমে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, দুবাই যদি কারও চূড়ান্ত গন্তব্য না-ও হয়, বরং যাত্রাপথের একটি ট্রানজিট স্টপও হয়, তবুও যাত্রীরা এই বিশেষ সুবিধাগুলো ব্যবহার করে শহরটির বিশ্বমানের আতিথেয়তা, নিরাপত্তা এবং বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণ উপভোগ করতে পারবেন।

পর্যটন খাতের ক্রমবর্ধমান চাহিদার মধ্যে এমিরেটসের এই নতুন সামার ক্যাম্পেইন আন্তর্জাতিক ভ্রমণকারীদের জন্য বাড়তি মূল্য সংযোজন করবে বলে মনে করা হচ্ছে। বিমান ভ্রমণের পাশাপাশি দুবাইকে একটি পূর্ণাঙ্গ অবকাশযাপন গন্তব্য হিসেবে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

Comments (0)
Add Comment