ভিসা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত, প্রকাশিত হলো ৭০ দেশের তালিকা

ভ্রমণ আরও সহজ করতে ইউএই সরকার প্রায় ৭০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ অথবা আগমনের পর ভিসা (ভিসা অন অ্যারাইভাল) সুবিধা চালু রেখেছে

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন ও ব্যবসায়িক গন্তব্য। দেশটিতে প্রতি বছর কোটি কোটি পর্যটক, ব্যবসায়ী এবং প্রবাসী বিভিন্ন কাজে ভ্রমণ করেন। ভ্রমণ আরও সহজ করতে ইউএই সরকার প্রায় ৭০টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ অথবা আগমনের পর ভিসা (ভিসা অন অ্যারাইভাল) সুবিধা চালু রেখেছে। এর ফলে এসব দেশের নাগরিকদের আগেই ভিসা সংগ্রহের ঝামেলা ছাড়াই সহজে ইউএই ভ্রমণ করা সম্ভব হচ্ছে।

ইউএই সরকারের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী, উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) সদস্য দেশ—বাহরাইন, কুয়েত, ওমান, কাতার এবং সৌদি আরবের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই ইউএইতে প্রবেশ করতে পারবেন। তারা বৈধ পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই দেশটিতে প্রবেশের অনুমতি পাবেন।

এছাড়া ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার ৪৯টি দেশের নাগরিকরা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত ভিসামুক্তভাবে ইউএইতে অবস্থান করতে পারবেন। এই তালিকায় রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, সুইডেন, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, পোল্যান্ড, বেলজিয়াম, নরওয়ে, আয়ারল্যান্ডসহ আরও অনেক দেশ। তবে এই সুবিধায় ইউএইতে কাজ করার অনুমতি থাকবে না। কর্মসংস্থানের জন্য আলাদা কর্ম ভিসা গ্রহণ করতে হবে।

অন্যদিকে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, নিউজিল্যান্ড, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপ, কাজাখস্তান, মেক্সিকো, মরিশাস, সেশেলস, ইউক্রেন, পেরু, কলম্বিয়াসহ আরও কয়েকটি দেশের নাগরিকরা আগাম ভিসা ছাড়াই ইউএইতে সর্বোচ্চ ৩০ দিন অবস্থান করতে পারবেন। অনেক ক্ষেত্রে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এই সময়সীমা আরও ৩০ দিন বাড়ানোর সুযোগও রয়েছে।

এছাড়া ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম এবং দক্ষিণ আফ্রিকার নাগরিকরা নির্দিষ্ট শর্ত পূরণ করলে ইউএইতে পৌঁছে ১৪ অথবা ৬০ দিনের ভিসা অন অ্যারাইভাল পেতে পারবেন। এজন্য তাদের যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া অথবা সিঙ্গাপুরের বৈধ আবাসিক অনুমতিপত্র থাকতে হবে।

বিশ্লেষকদের মতে, ভিসা নীতি আরও সহজ করার মাধ্যমে ইউএই আন্তর্জাতিক পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং বৈশ্বিক বিমান যোগাযোগকে আরও শক্তিশালী করতে চায়। বিশেষ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি হওয়ায় সহজ ভিসা সুবিধা দেশটিকে বৈশ্বিক ভ্রমণ কেন্দ্র হিসেবে আরও আকর্ষণীয় করে তুলবে বলে ধারণা করা হচ্ছে।

Comments (0)
Add Comment