আগামী ৪৫ দিনের মধ্যেই চালু হচ্ছে লিয়েন খুয়ং বিমানবন্দর

লিয়েন খুয়ং আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কারকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করার লক্ষ্যে দিন-রাত চলছে জোরদার নির্মাণ কার্যক্রম।

ভিয়েতনামের দা লাত শহরের প্রবেশদ্বার হিসেবে পরিচিত লিয়েন খুয়ং আন্তর্জাতিক বিমানবন্দরের সংস্কারকাজ নির্ধারিত সময়ের আগেই শেষ করার লক্ষ্যে দিন-রাত চলছে জোরদার নির্মাণ কার্যক্রম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৯ আগস্ট থেকেই বিমানবন্দরটি আবারও যাত্রী ও বিমান চলাচলের জন্য খুলে দেওয়া হতে পারে, যা পূর্বনির্ধারিত সময়সূচির প্রায় এক সপ্তাহ আগে।

লাম ডং প্রাদেশিক নির্মাণ বিভাগ জানিয়েছে, বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং সংশ্লিষ্ট অবকাঠামোর উন্নয়নকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। প্রকল্পটির বিনিয়োগকারী প্রতিষ্ঠান এয়ারপোর্টস কর্পোরেশন অব ভিয়েতনাম (এসি ভি) ঠিকাদারদের নির্ধারিত সময়ের আগেই অবশিষ্ট কাজ শেষ করার নির্দেশ দিয়েছে। এ লক্ষ্য পূরণে নির্মাণস্থলে শ্রমিকরা রাতভর কাজ করছেন এবং একাধিক দলে বিভক্ত হয়ে বিভিন্ন অংশে একযোগে কাজ পরিচালনা করছেন।

প্রায় ১,০৩২ বিলিয়ন ভিয়েতনামি ডং ব্যয়ে বাস্তবায়িত এই প্রকল্পের কাজ শুরু হয় চলতি বছরের ৪ মার্চ। প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ৩ হাজার ২৫০ মিটার দীর্ঘ এবং ৪৫ মিটার প্রশস্ত ০৯-২৭ নম্বর রানওয়ের পুরোনো অ্যাসফল্ট কাঠামো সরিয়ে অধিক শক্তিশালী ও ভারবহন সক্ষম নতুন কংক্রিট রানওয়ে নির্মাণ। পাশাপাশি ট্যাক্সিওয়ে, রানওয়ে অ্যাপ্রোচ সেফটি স্ট্রিপ এবং বিমান চলাচলের নিরাপত্তা সরঞ্জামও আধুনিকায়ন করা হচ্ছে।

যদিও চলতি বছরের মে মাসে উন্নত মানের হলুদ বালির ঘাটতির কারণে নির্মাণকাজ কিছুটা ধীর হয়ে পড়েছিল, তবে সেই সংকট কাটিয়ে ওঠার পর কাজের গতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। এসি ভির দাবি, দ্রুতগতিতে কাজ এগোলেও প্রকল্পের গুণগত মানের সঙ্গে কোনো আপস করা হচ্ছে না।

নির্মাণকাজের জন্য লিয়েন খুয়ং বিমানবন্দর গত ৪ মার্চ থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী আগস্টের শেষ পর্যন্ত কাজ চলার কথা থাকলেও বাস্তব অগ্রগতির ভিত্তিতে গত ১৫ জুন ভিয়েতনামের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে ১৯ আগস্ট থেকে বিমানবন্দর পুনরায় চালুর অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। একই সঙ্গে বিমান সংস্থাগুলোকে নতুন ফ্লাইট সূচি প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।

ইতোমধ্যে ভিয়েটজেট এয়ার দা লাত থেকে হ্যানয়, হো চি মিন সিটি, হাই ফং, ভিন ও দা নাং—এই পাঁচটি রুটে প্রতি সপ্তাহে ৪৯টি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে। অন্যদিকে ভিয়েতনাম এয়ারলাইন্স প্রতিদিন হো চি মিন সিটি, হ্যানয় ও দা নাং রুটে ৬টি রাউন্ড-ট্রিপ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। ফলে দুটি সংস্থা মিলিয়ে প্রতি সপ্তাহে মোট ৯১টি রাউন্ড-ট্রিপ, অর্থাৎ ১৮২টি উড্ডয়ন ও অবতরণ পরিচালিত হবে। ১৯ আগস্ট থেকে যাত্রার জন্য টিকিট বিক্রিও ইতোমধ্যে শুরু হয়েছে।

বর্তমানে লিয়েন খুয়ং আন্তর্জাতিক বিমানবন্দর বছরে প্রায় ২৫ লাখ যাত্রীকে সেবা দেয়। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটও এখান থেকে পরিচালিত হয়। ভিয়েতনামের ২০৩০ সালের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী বিমানবন্দরটিকে ৪ই (4E) মানের আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করা হবে, যাতে বোয়িং ৭৮৭এয়ারবাস এ৩৫০-এর মতো প্রশস্ত উড়োজাহাজও নির্বিঘ্নে পরিচালনা করা যায়। তখন বার্ষিক যাত্রী ধারণক্ষমতা ৫০ লাখে এবং পণ্য পরিবহন সক্ষমতা ২০ হাজার টনে উন্নীত হবে। এছাড়া ২০৩০ সালের পর রানওয়ে ৩ হাজার ৬০০ মিটার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যার ফলে বছরে প্রায় ৭০ লাখ যাত্রী সেবা দেওয়া সম্ভব হবে।

Comments (0)
Add Comment