নতুন রুট ও সেবা সম্প্রসারণের পরিকল্পনা এয়ারলাইন্স এর

বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স ৫ জুলাই নতুন রুট, সেবা সম্প্রসারণ এবং যাত্রীসেবায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে।

বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্স ৫ জুলাই নতুন রুট, সেবা সম্প্রসারণ এবং যাত্রীসেবায় একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে। ভিয়েতজেট, এয়ার নিউজিল্যান্ড, কান্তাস, এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ এবং সলোমন এয়ারলাইন্সের সাম্প্রতিক উদ্যোগ আন্তর্জাতিক বিমান চলাচলে নতুন গতি যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিয়েতনামের স্বল্পমূল্যের বিমান সংস্থা ভিয়েতজেট আগামী ১৯ আগস্ট লিয়েন খুওং আন্তর্জাতিক বিমানবন্দর পুনরায় চালু হওয়ার পর দা লাতে পাঁচটি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পুনরায় শুরু করবে। হ্যানয়, হো চি মিন সিটি, হাই ফং, ভিন এবং দা নাং থেকে দা লাতে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হবে। এর মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক পর্যটকদের জন্য জনপ্রিয় পর্যটন নগরী দা লাতে ভ্রমণ আরও সহজ হবে।

এয়ার নিউজিল্যান্ড জানিয়েছে, দীর্ঘদিন সংরক্ষণে থাকা তাদের শেষ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারও আবার বহরে ফিরেছে। রোলস-রয়েস ট্রেন্ট ১০০০ ইঞ্জিন সংকটের কারণে একসময় পাঁচটি ড্রিমলাইনার মাটিতে পড়ে থাকলেও এখন আর কোনো ওয়াইডবডি উড়োজাহাজ সংরক্ষণে নেই। চলতি বছরের শেষ নাগাদ আরও দুটি নতুন ড্রিমলাইনার যুক্ত হলে আন্তর্জাতিক রুটে আসনসংখ্যা বাড়বে।

অস্ট্রেলিয়ার কান্তাস তাদের এয়ারবাস এ৩৩০ বহরে ‘ইকোনমি প্লাস’ সেবা চালু করেছে। এই নতুন শ্রেণিতে অতিরিক্ত লেগরুম, অগ্রাধিকার ভিত্তিতে বোর্ডিং এবং ওভারহেড লাগেজ রাখার সুবিধা থাকবে। সেপ্টেম্বর থেকে ধাপে ধাপে পুরো এ৩৩০ বহরে এই সুবিধা চালু করা হবে।

অন্যদিকে এমিরেটস জানিয়েছে, স্টারলিংক ওয়াই-ফাই চালুর মাত্র সাত মাসের মধ্যেই যাত্রীরা এক মিলিয়নের বেশি সংযোগ ব্যবহার করেছেন। বর্তমানে প্রতিদিন ৬০টির বেশি এমিরেটস ফ্লাইটে উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত ৩৩টি বোয়িং ৭৭৭ এবং ৩টি এয়ারবাস এ৩৮০ উড়োজাহাজে এই প্রযুক্তি যুক্ত হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো বহরে এটি সম্প্রসারণ করা হচ্ছে।

ইতিহাদ এয়ারওয়েজ যাত্রীচাহিদা বৃদ্ধির কারণে ব্রাসেলস, ক্রাকোভ, জাঞ্জিবার, পালমা দে মায়োর্কা এবং ঢাকা রুটে সেবা সম্প্রসারণের ঘোষণা দিয়েছে। গত ২৬ জুন চালু হওয়া আবুধাবি-ঢাকা রুটটি এখন সারা বছর পরিচালিত হবে। বর্তমানে এই রুটে সপ্তাহে চারটি বোয়িং ৭৭৭ ফ্লাইট পরিচালিত হচ্ছে। পাশাপাশি ব্রাসেলস ও ক্রাকোভে ফ্লাইট সংখ্যা বাড়ানো এবং জাঞ্জিবার ও পালমা রুটের মৌসুমি সেবা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে সলোমন এয়ারলাইন্স নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে ভানুয়াতুর পোর্ট ভিলায় প্রথমবারের মতো সরাসরি ফ্লাইট চালু করেছে। নতুন এই রুটের মাধ্যমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পর্যটন ও বাণিজ্যিক যোগাযোগ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, এই সংযোগ নিউজিল্যান্ডের যাত্রীদের জন্য ভানুয়াতু ভ্রমণকে আরও সহজ ও আকর্ষণীয় করে তুলবে।

Comments (0)
Add Comment