বাণিজ্যিক বিমান চলাচলে নতুন দিগন্ত উন্মোচন করতে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্যান্টাস এয়ারওয়েজের ‘প্রজেক্ট সানরাইজ’। ২০২৭ সালের অক্টোবর থেকে চালু হওয়ার কথা রয়েছে সিডনি-লন্ডন ননস্টপ ফ্লাইটের, যা টানা প্রায় ২২ ঘণ্টা আকাশে থেকে বিশ্বের দীর্ঘতম বাণিজ্যিক উড়োজাহাজ যাত্রার নতুন রেকর্ড গড়বে।
২০১৭ সালে ঘোষিত এই প্রকল্পটি মহামারির কারণে বিলম্বিত হলেও এখন তা বাস্তবায়নের পথে। প্রায় ১৭ হাজার কিলোমিটার দীর্ঘ এই রুটে বিশেষভাবে পরিবর্তিত এয়ারবাস এ৩৫০-১০০০ইউএলআর উড়োজাহাজ ব্যবহার করা হবে। অতিরিক্ত জ্বালানি বহনের সুবিধার্থে বিমানটিতে একটি অতিরিক্ত ট্যাংক সংযোজন করা হয়েছে। ফলে যাত্রীসংখ্যা কমিয়ে ২৩৮ জনে সীমিত রাখা হয়েছে, যাতে দীর্ঘ যাত্রায় অধিক ব্যক্তিগত পরিসর ও আরাম নিশ্চিত করা যায়।
নতুন উড়োজাহাজে ছয়টি ফার্স্ট ক্লাস স্যুইট, ৫২টি বিজনেস ক্লাস স্যুইট, ৪০টি প্রিমিয়াম ইকোনমি এবং ১৪০টি ইকোনমি আসন থাকবে। যাত্রীদের সুস্থতা ও স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা করে বিমানটিতে বিশ্বের প্রথম ‘ওয়েলবিইং জোন’ স্থাপন করা হচ্ছে, যেখানে যাত্রীরা হাঁটাচলা, শরীর প্রসারিত করা ও পানি পান করতে পারবেন।
জেটল্যাগ কমাতে বিশেষ আলোকসজ্জা ব্যবস্থা, উন্নত খাবার পরিবেশন পরিকল্পনা এবং ঘুমের উপযোগী বিনোদন সূচিও রাখা হবে। সব যাত্রী বিনামূল্যে উচ্চগতির ওয়াই-ফাই ও ব্লুটুথ অডিও সুবিধা পাবেন।
বর্তমানে বিশ্বের দীর্ঘতম ননস্টপ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করছে সিঙ্গাপুর এয়ারলাইনস। নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে সিঙ্গাপুরগামী ফ্লাইটটি প্রায় ১৫ হাজার ৩৩২ কিলোমিটার পথ অতিক্রম করে এবং আকাশে থাকে প্রায় ১৯ ঘণ্টা ১৫ মিনিট। একই এয়ারলাইনসের নিউয়ার্ক-সিঙ্গাপুর রুটও বিশ্বের দীর্ঘতম রুটগুলোর একটি।
এ ছাড়া ক্যান্টাসের ডালাস/ফোর্ট ওয়ার্থ-মেলবোর্ন রুট, এমিরেটসের অকল্যান্ড-দুবাই ফ্লাইট এবং ক্যান্টাসের প্যারিস-পার্থ রুটও বর্তমানে দীর্ঘতম ননস্টপ ফ্লাইটের তালিকায় রয়েছে।
সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্যের আকাশপথে বিধিনিষেধের কারণে কিছু দীর্ঘপাল্লার ফ্লাইটে সাময়িক পরিবর্তন আনতে হলেও বিমান সংস্থাগুলো ক্রমেই আরও দীর্ঘ দূরত্বের ননস্টপ ভ্রমণে বিনিয়োগ করছে। প্রজেক্ট সানরাইজ বাস্তবায়িত হলে তা শুধু একটি নতুন রেকর্ডই গড়বে না, বরং ভবিষ্যতের বিমান ভ্রমণের ধরনও বদলে দিতে পারে।