আন্তর্জাতিক রুট সম্প্রসারণ এবং যাত্রী পরিবহন সক্ষমতা বাড়াতে ২০২৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজ লিজ (ভাড়া) নেওয়ার পরিকল্পনা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন কেনা ১৪টি বোয়িং উড়োজাহাজ ২০৩১ সাল থেকে বহরে যুক্ত হওয়ার কথা থাকলেও, তার আগে বাড়তি যাত্রীচাহিদা মোকাবিলায় অন্তর্বর্তীকালীন সমাধান হিসেবে লিজের মাধ্যমে বহর সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৯ জুলাই) বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, সরকার চলতি বছরের মধ্যেই ধাপে ধাপে ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার পরিকল্পনা করছে। এর ফলে বিদ্যমান আন্তর্জাতিক রুটে ফ্লাইট সংখ্যা বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্যেও বিমান পরিচালনা করা সম্ভব হবে।
তিনি জানান, প্রাথমিকভাবে তিনটি উড়োজাহাজ লিজ নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তবে রুট সম্প্রসারণ এবং পরিচালনাগত প্রয়োজন অনুযায়ী এই সংখ্যা পর্যায়ক্রমে ১০টিতে উন্নীত হতে পারে। পরিকল্পনা বাস্তবায়িত হলে বর্তমানে বিমানের ১৯টি উড়োজাহাজের বহর ২০২৭ সালের মধ্যে বেড়ে ২৯টিতে পৌঁছাবে, যা প্রায় ৫৩ শতাংশ সক্ষমতা বৃদ্ধি হিসেবে বিবেচিত হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, লিজ প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার একজন আন্তর্জাতিক পরামর্শক নিয়োগের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০টি আবেদন জমা পড়েছে। সেখান থেকে একটি যোগ্য প্রতিষ্ঠানকে নির্বাচন করে পুরো লিজ কার্যক্রম তদারকির দায়িত্ব দেওয়া হবে।
লিজ উদ্যোগটি বিমানের ১৪টি নতুন বোয়িং উড়োজাহাজ কেনার প্রকল্পের সঙ্গে সম্পর্কিত নয়। প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলারের ওই চুক্তির আওতায় ২০৩১ থেকে ২০৩৫ সালের মধ্যে ধাপে ধাপে নতুন উড়োজাহাজ সরবরাহ করা হবে। যেহেতু বোয়িং বা এয়ারবাসের নতুন উড়োজাহাজ তাৎক্ষণিকভাবে পাওয়া যায় না, তাই অন্তর্বর্তী সময়ে আন্তর্জাতিক লিজ বাজার থেকেই প্রয়োজনীয় উড়োজাহাজ সংগ্রহ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে বিমান ছয় বছরের জন্য তিনটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ড্রাই লিজে নেওয়ার আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছে। আগামী ৯ আগস্ট পর্যন্ত প্রস্তাব জমা দেওয়া যাবে এবং ২০২৭ সালের জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে উড়োজাহাজগুলো বহরে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে বিমানের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ, যার মধ্যে বোয়িং ৭৭৭-৩০০ইআর, ৭৮৭ ড্রিমলাইনার, বোয়িং ৭৩৭ এবং ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ রয়েছে। দীর্ঘমেয়াদি বহর উন্নয়ন পরিকল্পনায় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসের উড়োজাহাজও অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করছে সরকার।
বিশ্লেষকদের মতে, বাংলাদেশের আন্তর্জাতিক বিমান পরিবহন বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই বাস্তবতায় বহর বৃদ্ধি এবং নতুন রুট চালু করতে পারলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস বিদেশি এয়ারলাইনসের সঙ্গে আরও কার্যকরভাবে প্রতিযোগিতা করতে পারবে এবং যাত্রীদের জন্য উন্নত ও বিস্তৃত সেবা নিশ্চিত করা সম্ভব হবে।