বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস তাদের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে Crypto.com Pay-এর মাধ্যমে বিমান টিকিটের মূল্য পরিশোধের সুবিধা চালু করেছে। নতুন এ সেবার মাধ্যমে যোগ্য গ্রাহকরা এখন ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে এমিরেটসের ফ্লাইট বুকিং করতে পারবেন। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসারে এটি এমিরেটসের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এমিরেটস জানায়, যেসব গ্রাহকের Crypto.com অ্যাকাউন্ট রয়েছে, তারা emirates.com এবং এমিরেটস অ্যাপ থেকে টিকিট বুকিংয়ের সময় Crypto.com Pay-কে পেমেন্ট অপশন হিসেবে নির্বাচন করতে পারবেন। সব লেনদেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বিদ্যমান আর্থিক ও নিয়ন্ত্রক নীতিমালা মেনে নিরাপদভাবে সম্পন্ন হবে।
এমিরেটস জানিয়েছে, প্রাথমিকভাবে এই সুবিধা কেবল যোগ্য ইউএই বাসিন্দাদের জন্য চালু করা হয়েছে। বুকিংয়ের মূল্য সংযুক্ত আরব আমিরাতের দিরহাম (AED)-এ নির্ধারণ ও নিষ্পত্তি করা হবে। ভবিষ্যতে সেবাটি আরও বিস্তৃত পরিসরে চালুর সম্ভাবনাও রয়েছে।
Crypto.com একটি সিঙ্গাপুরভিত্তিক বৈশ্বিক ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম, যা বর্তমানে বিশ্বের ১০ কোটিরও বেশি ব্যবহারকারীকে সেবা দিচ্ছে। প্রতিষ্ঠানটি ক্রিপ্টো এক্সচেঞ্জ, ডিজিটাল ওয়ালেট এবং বিভিন্ন আর্থিক সেবা পরিচালনা করে। এমিরেটসের নতুন পেমেন্ট সিস্টেমটি পরিচালনা করছে Crypto.com-এর দুবাইভিত্তিক ইউনিট, যা সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক থেকে Stored Value Facilities (SVF) লাইসেন্সপ্রাপ্ত প্রথম ভার্চুয়াল অ্যাসেট সার্ভিস প্রোভাইডার (VASP)।
এ উদ্যোগটি ২০২৫ সালে এমিরেটস ও Crypto.com-এর মধ্যে স্বাক্ষরিত অংশীদারত্ব চুক্তির বাস্তবায়নের অংশ। এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম বলেন, নতুন এই পেমেন্ট সুবিধা গ্রাহকদের আরও বেশি বিকল্প দেবে এবং ডিজিটাল প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের চাহিদা পূরণে সহায়তা করবে। বর্তমানে অনেক গ্রাহক স্মার্টফোনের মাধ্যমে আর্থিক লেনদেন ও ভ্রমণ পরিকল্পনা সম্পন্ন করতে আগ্রহী হওয়ায় এ ধরনের উদ্যোগ সময়োপযোগী।
অন্যদিকে Crypto.com-এর প্রেসিডেন্ট ও প্রধান পরিচালন কর্মকর্তা এরিক আনজিয়ানি বলেন, এমিরেটসের সঙ্গে এই অংশীদারত্ব প্রতিষ্ঠানটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তার মতে, এটি ইউএইর উদ্ভাবনবান্ধব নীতির প্রতিফলন এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিকাশে একটি উল্লেখযোগ্য অগ্রগতি।
মোবাইল অ্যাপ ব্যবহারকারীরা বুকিংয়ের সময় Crypto.com Pay নির্বাচন করলে স্বয়ংক্রিয়ভাবে Crypto.com অ্যাপে চলে যাবেন। সেখানে ডিজিটাল ওয়ালেট থেকে পেমেন্ট সম্পন্ন করার পর তারা আবার এমিরেটস অ্যাপে ফিরে এসে বুকিং নিশ্চিতকরণ ও ই-টিকিট পাবেন। আর ডেস্কটপ ব্যবহারকারীরা ওয়েবসাইটে প্রদর্শিত কিউআর কোড স্ক্যান করে Crypto.com অ্যাপের মাধ্যমে নিরাপদে লেনদেন সম্পন্ন করতে পারবেন।