দীর্ঘ আট বছর পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবারও বিদেশি এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট চালু হতে যাচ্ছে। ওমানভিত্তিক স্বল্পমূল্যের বিমান সংস্থা সালামএয়ার আগামী ১ সেপ্টেম্বর থেকে সিলেট-ওমানের রাজধানী মাস্কাট রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করবে। এই উদ্যোগের মাধ্যমে ওসমানী বিমানবন্দরে আন্তর্জাতিক বিমান সংস্থার কার্যক্রমে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে সালামএয়ার। এতে সিলেট ও আশপাশের অঞ্চলের প্রবাসী বাংলাদেশিদের জন্য ওমান যাতায়াত আরও সহজ ও তুলনামূলক কম খরচে সম্ভব হবে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের জন্য নতুন বিকল্প তৈরি হবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ বলেন, বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট চালুর মাধ্যমে বিমানবন্দরের আন্তর্জাতিক কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী ডিসেম্বরের মধ্যে আরও কয়েকটি বিদেশি এয়ারলাইন্স সিলেট থেকে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে পারে।
সালামএয়ারের সিলেট এরিয়া ইনচার্জ সেলিম আল রাজি জানান, বর্তমানে এয়ারলাইনটি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের ৩৮টি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট মিলিয়ে সপ্তাহে মোট ২৪টি ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। এর মধ্যে চট্টগ্রাম থেকে ১৪টি, ঢাকা থেকে ৭টি এবং সিলেট থেকে ৩টি ফ্লাইট থাকবে।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ বিদেশি এয়ারলাইন্স হিসেবে ফ্লাইট পরিচালনা করেছিল দুবাইভিত্তিক ফ্লাইদুবাই। ২০১৫ সালের ১ এপ্রিল সিলেট-দুবাই রুটে যাত্রা শুরু করলেও পরিচালনাগত কারণে ২০১৮ সালের সেপ্টেম্বরে ফ্লাইট বন্ধ করে দেয় প্রতিষ্ঠানটি। এরপর দীর্ঘ সময় ধরে বিদেশি কোনো এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট ছিল না।
এদিকে কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের আওতায় ওসমানী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণ, আধুনিক ওয়্যারহাউজ নির্মাণ এবং নতুন টার্মিনালসহ বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন কাজ সম্পন্ন বা চলমান রয়েছে। এসব উন্নয়নের ফলে বিমানবন্দরটি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য আরও সক্ষম হয়ে উঠেছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বর্তমান সরকারের উদ্যোগে ফ্লাইদুবাই পুনরায় সিলেটে ফ্লাইট চালুর আগ্রহ প্রকাশ করেছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের আরেক এয়ারলাইন এয়ার অ্যারাবিয়াও সিলেট-দুবাই রুটে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইন্স ভবিষ্যতে সিলেট থেকে সৌদি আরবের মক্কা ও মদিনা রুটে সরাসরি ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
সংশ্লিষ্টদের মতে, সালামএয়ারের ফ্লাইট চালুর মাধ্যমে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আবারও আন্তর্জাতিক বিমান চলাচলের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার পথে এক বড় পদক্ষেপ নিল। এর ফলে প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি সিলেট অঞ্চলের অর্থনীতি, পর্যটন এবং আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে।