রিওতে হেলিকপ্টার বিধ্বস্ত, একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।

ব্রাজিলের রিও ডি জেনেইরোতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হেলিকপ্টারটির পাইলট এবং একই পরিবারের তিন কলম্বিয়ান নারী রয়েছেন। ওই তিন নারী পর্যটক হিসেবে কলম্বিয়া থেকে ব্রাজিলে এসেছিলেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার রিও ডি জেনেইরোর বিখ্যাত তিজুকা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। ঘন জঙ্গল ও পাহাড়ে ঘেরা তিজুকা ন্যাশনাল পার্ক রিওর অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা।

দুর্ঘটনাটি তিজুকা ন্যাশনাল পার্কের ভিস্তা চিনেজা এলাকার কাছে ঘটে। ওই স্থান থেকে রিও ডি জেনেইরোর বিখ্যাত ক্রাইস্ট দ্য রিডিমার মূর্তি এবং শহরের উপকূলীয় এলাকার মনোরম দৃশ্য দেখা যায়। ফলে পর্যটকদের মধ্যে এলাকাটি বেশ জনপ্রিয় এবং সেখানে হেলিকপ্টার ভ্রমণও চালু রয়েছে।

দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে পর্যটকবাহী হেলিকপ্টার ফ্লাইটের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি শহরে এ ধরনের ফ্লাইটের ওপর আরও কঠোর নজরদারি এবং নিরাপত্তাব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন।

মেয়র নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টও দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার বিষয়ে ব্রাজিলের ন্যাশনাল সিভিল এভিয়েশন এজেন্সির সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। হেলিকপ্টারগুলোর যান্ত্রিক পরীক্ষা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন মেয়র।

তিনি আরও প্রস্তাব করেছেন, নতুন নিরাপত্তাব্যবস্থা চালু না হওয়া পর্যন্ত পর্যটকবাহী হেলিকপ্টার ফ্লাইট সাময়িকভাবে এক থেকে দুই সপ্তাহ বন্ধ রাখা যেতে পারে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে রিওতে নিযুক্ত কলম্বিয়ার কনসাল জেনারেল দিয়ানা পায়েজ জানিয়েছেন, নিহত তিন নারী একই পরিবারের সদস্য। তারা পরিবারের এক সদস্যের জন্মদিন উদযাপন করতে ব্রাজিলে এসেছিলেন।

পরিবারের মোট ছয়জন সদস্য দুই দলে ভাগ হয়ে আলাদাভাবে হেলিকপ্টারে ভ্রমণ করছিলেন। দুর্ঘটনায় নিহত তিন নারীর মধ্যে ওই পরিবারের এক তরুণীর দাদি, খালা এবং এক কাজিন রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে উদ্ধার ও তদন্ত কার্যক্রম শুরু করেছে। হেলিকপ্টারটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, যান্ত্রিক ত্রুটি, আবহাওয়া নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে—তা তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে।

এই দুর্ঘটনার পর রিও ডি জেনেইরোর জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোতে পরিচালিত হেলিকপ্টার ট্যুরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। কর্তৃপক্ষ পর্যটকবাহী হেলিকপ্টারগুলোর উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা প্রটোকল আরও কঠোরভাবে পর্যালোচনা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments (0)
Add Comment