ছয় মাস পর খুলছে লিয়েন খুয়ং বিমানবন্দর, ফিরছে ফ্লাইট

ভিয়েতনামের লাম ডং প্রদেশে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট পুনরায় চালু হতে যাচ্ছে লিয়েন খুয়ং বিমানবন্দর।

ভিয়েতনামের লাম ডং প্রদেশে দীর্ঘদিন বন্ধ থাকার পর আগামী ১৯ আগস্ট পুনরায় চালু হতে যাচ্ছে লিয়েন খুয়ং বিমানবন্দর। আধুনিকায়ন কাজের জন্য প্রায় ছয় মাস বন্ধ থাকার পর বিমানবন্দরটি চালু হলে স্থবির হয়ে পড়া অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যটন বাজারে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

বিমানবন্দর বন্ধ থাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আকাশপথনির্ভর পর্যটন ব্যবসা। বিশেষ করে আন্তর্জাতিক পর্যটকদের নিয়ে কাজ করা ভ্রমণ প্রতিষ্ঠানগুলোকে বিকল্প বিমানবন্দর ও সড়কপথের ওপর নির্ভর করতে হয়েছে। এতে পর্যটকের সংখ্যা কমার পাশাপাশি অনেক ব্যবসা প্রতিষ্ঠানকে তাদের বাজার ও ভ্রমণ প্যাকেজ নতুন করে সাজাতে হয়েছে।

ভিয়েত চ্যালেঞ্জ ট্যুরের পরিচালক ফান ভান চুং জানান, বিমানবন্দর বন্ধ থাকায় তাদের গ্রাহক সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। প্রতিষ্ঠানটির অধিকাংশ পর্যটক উত্তরাঞ্চল ও দা নাং রুট হয়ে দা লাত আসতেন। এসব পর্যটকের বড় অংশ দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের নাগরিক। বিমান যোগাযোগ বন্ধ থাকায় আন্তর্জাতিক পর্যটকদের জন্য কাজ করা অনেক অংশীদার বিকল্প রুটে চলে যেতে বাধ্য হন।

পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে প্রতিষ্ঠানটি ক্যাম রান ও ন্যা ট্রাং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। পাশাপাশি সড়ক যোগাযোগের সুবিধা কাজে লাগিয়ে দক্ষিণাঞ্চলের বাজারেও প্রচার জোরদার করা হয়েছে।

বিমানবন্দর পুনরায় চালুর প্রস্তুতিও নিচ্ছে পর্যটন ব্যবসাগুলো। সংশ্লিষ্টদের মতে, আধুনিকায়নের পর লিয়েন খুয়ং বিমানবন্দর আগের তুলনায় বেশি যাত্রী ও বড় উড়োজাহাজ পরিচালনা করতে পারবে। এতে লাম ডংয়ের পর্যটন খাত আরও বড় আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগ পাবে।

পরিকল্পনা অনুযায়ী, পুনরায় চালুর পর বিমানবন্দরটিতে প্রতিদিন প্রায় ৩৬ থেকে ৪০টি ফ্লাইট পরিচালনার আশা করা হচ্ছে। হো চি মিন সিটি, হ্যানয়, দা নাং, ভিন ও হাই ফংয়ের সঙ্গে বিমান যোগাযোগ পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে। এছাড়া দা লাত-কুয়ালালামপুর রুট সেপ্টেম্বর থেকে পুনরায় চালু হতে পারে।

দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও থাইল্যান্ডের বাজারে প্রচার অব্যাহত রাখার পাশাপাশি সিঙ্গাপুর, হংকং ও জাপানের বিভিন্ন গন্তব্যে নতুন রুট সম্প্রসারণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।

লাম ডংয়ের বিনিয়োগ, বাণিজ্য ও পর্যটন উন্নয়ন কেন্দ্র জানিয়েছে, বিমান রুট পুনরুদ্ধার ও সম্প্রসারণ পর্যটন উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিমানবন্দর চালুর পর পর্যটন ব্যবসা ও এয়ারলাইনসগুলোর সঙ্গে সমন্বয় করে বিভিন্ন বাজারের জন্য পৃথক পরিকল্পনা নেওয়া হবে।

শুধু পর্যটক ফিরিয়ে আনা নয়, তাদের অবস্থানের সময় বাড়াতেও নতুন প্যাকেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বিমানভাড়া, হোটেল, পরিবহন, খাবার ও দর্শনীয় স্থান মিলিয়ে সমন্বিত ট্যুর প্যাকেজ তৈরির পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, লিয়েন খুয়ং বিমানবন্দর পুনরায় চালু হলে লাম ডংয়ের পর্যটন শিল্পে নতুন বিনিয়োগ, বাজার সম্প্রসারণ ও আন্তর্জাতিক যোগাযোগের সুযোগ তৈরি হবে। বিমান যোগাযোগের পাশাপাশি নতুন পর্যটন পণ্য, অংশীদারিত্ব ও ডিজিটাল প্রচারণার মাধ্যমে অঞ্চলটির পর্যটন সক্ষমতা আরও বাড়ানো সম্ভব হবে।

Comments (0)
Add Comment