ভারতীয় পর্যটকদের জন্য বিনামূল্যে ইউএই ভিসা দিচ্ছে আবুধাবি

ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ ভিসা সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি।

ভারতীয় পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ ভিসা সুবিধা চালু করেছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি। নির্দিষ্ট শর্ত পূরণ করে আবুধাবিতে ভ্রমণের জন্য ছুটি বুক করা ভারতীয় পর্যটকরা বিনামূল্যে ইউএই প্রবেশ ভিসা পাওয়ার সুযোগ পাবেন।

আবুধাবির ডিপার্টমেন্ট অব কালচার অ্যান্ড ট্যুরিজমের উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচি ১ আগস্ট থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে। ভারত থেকে ভ্রমণকারী ভারতীয় পাসপোর্টধারীরা এই সুবিধার আওতায় আসবেন। তবে ভিসা সুবিধা পেতে হলে আবুধাবির পর্যটন বিভাগের অনুমোদিত নির্দিষ্ট ট্রাভেল পার্টনার অথবা অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণ প্যাকেজ বুক করতে হবে।

এই অফারের জন্য কিছু নির্দিষ্ট শর্তও রাখা হয়েছে। পর্যটকের বুকিংয়ে আবুধাবির কোনো হোটেলে কমপক্ষে টানা তিন রাতের থাকার ব্যবস্থা থাকতে হবে। একই সঙ্গে ভারতের কোনো শহর থেকে আবুধাবি যাওয়া এবং ফেরার রিটার্ন ফ্লাইটও বুকিংয়ের অংশ হতে হবে। এসব শর্ত পূরণ করলেই যোগ্য পর্যটকের ইউএই প্রবেশ ভিসার পুরো খরচ আবুধাবির পর্যটন বিভাগ বহন করবে।

তবে পর্যটকরা নিজেরা সরাসরি এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন না। শুধুমাত্র কর্মসূচিতে অংশ নেওয়া অনুমোদিত ট্রাভেল পার্টনার ও অনলাইন ট্রাভেল এজেন্সির মাধ্যমে করা বুকিংয়ের ক্ষেত্রেই ভিসা ফি মওকুফের সুবিধা পাওয়া যাবে।

সাধারণভাবে ইউএইর ৩০ দিনের ট্যুরিস্ট ভিসার জন্য প্রায় ২৫২ দিরহাম বা বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৬ হাজার ৫০০ টাকার সমপরিমাণ অর্থ খরচ হতে পারে। ফলে যোগ্য ভারতীয় পর্যটকদের জন্য নতুন এই কর্মসূচি ভ্রমণ ব্যয় কিছুটা কমানোর সুযোগ তৈরি করবে।

আবুধাবি ইউএইর সাতটি আমিরাতের মধ্যে সবচেয়ে বড় এবং দেশটির রাজধানী। পারস্য উপসাগরের তীরে অবস্থিত শহরটি দেশটির রাজনৈতিক ও শিল্পকেন্দ্র হিসেবে পরিচিত। পাশাপাশি আধুনিক স্থাপত্য, সাংস্কৃতিক ঐতিহ্য, বিনোদনকেন্দ্র ও বিভিন্ন পর্যটন আকর্ষণের কারণে আন্তর্জাতিক পর্যটকদের কাছেও এটি জনপ্রিয়।

ভারত আবুধাবির জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পর্যটন বাজারগুলোর একটি। নতুন এই কর্মসূচির মাধ্যমে ভারতীয় পর্যটকদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ ও পর্যটন খাতের ব্যবসায়িক অংশীদারত্ব আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে।

আবুধাবির পর্যটন কর্তৃপক্ষের এই উদ্যোগ ভারতীয় পর্যটকদের জন্য ভ্রমণ ব্যয় কমানোর পাশাপাশি আবুধাবিতে পর্যটন চাহিদা বাড়াতে ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Comments (0)
Add Comment