শাহ আমানতে অবৈধ সিগারেটের বড় চালান

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অবৈধ সিগারেটের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)।

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অবৈধ সিগারেটের চালান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন আটক করা হয়েছে। জব্দ করা পণ্যের প্রযোজ্য শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিজি১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগেই সিআইআইডির মহাপরিচালকের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী ও ব্যাগেজের ওপর বিশেষ নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। পরে নির্দিষ্ট যাত্রী ও ব্যাগেজে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযানে প্রথমে যাত্রী মো. মইনুল আবেদিনের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন এবং মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টনসহ মোট ২৬৪ কার্টন সিগারেট জব্দ করা হয়। একই সঙ্গে তাঁর কাছ থেকে চারটি আইফোন উদ্ধার করা হয়।

অন্য যাত্রী আব্দুল মান্নানের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টনসহ মোট ২৪৬ কার্টন সিগারেট এবং চারটি আইফোন আটক করা হয়। অপর যাত্রী নূরুল আলম রিয়াদের কাছ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন ও ইজি ব্র্যান্ডের সাত কার্টনসহ মোট ২৭২ কার্টন সিগারেট এবং পাঁচটি আইফোন জব্দ করা হয়।

অভিযানের সবচেয়ে বড় চালানটি পাওয়া যায় বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। বিজি১৪৮ ফ্লাইটে আসা মালিকানাবিহীন ব্যাগেজ থেকে প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। ফলে একটি ফ্লাইট থেকেই মোট ১ হাজার ৮০২ কার্টন সিগারেট জব্দ করা সম্ভব হয়।

কাস্টমস সূত্র অনুযায়ী, আটক সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এর ওপর ৬২১ শতাংশ টিটিআই অনুযায়ী প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।

এ ছাড়া জব্দ করা ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। এসব ফোনের ওপর ৫৮ শতাংশ টিটিআই অনুযায়ী প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা। সব মিলিয়ে জব্দ পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

একই ফ্লাইটের একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ সিগারেট ও আইফোন এবং মালিকানাবিহীন ব্যাগেজ থেকে আরও ১ হাজারের বেশি কার্টন সিগারেট উদ্ধারের ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সিআইআইডি জানিয়েছে, চোরাচালান প্রতিরোধ, সরকারি রাজস্ব সুরক্ষা এবং বিমানবন্দরকে অবৈধ পণ্য পরিবহনের রুট হিসেবে ব্যবহারের চেষ্টা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।

Comments (0)
Add Comment