অপরাধ দমনে কঠোর বিমানবন্দর থানা

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের আওতাধীন আন্তর্জাতিক বিমানবন্দর থানা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই (Key Point Installation) এলাকা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের আওতাধীন আন্তর্জাতিক বিমানবন্দর থানা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ কেপিআই (Key Point Installation) এলাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ কাওলা, আশকোনা, কুর্মিটোলা ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদারের নেতৃত্বে এসব কার্যক্রমে দৃশ্যমান পরিবর্তন এসেছে বলে সংশ্লিষ্টদের দাবি।

গত ২০ এপ্রিল ডিএমপির এক আদেশে কামরুল হাসান তালুকদারকে আন্তর্জাতিক বিমানবন্দর থানার দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর তিনি অপরাধ দমন, মাদক ও চাঁদাবাজি প্রতিরোধ, ছিনতাই নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ নেন।

বিমানবন্দর এলাকার ছিনতাইপ্রবণ কাওলা কবরস্থান এলাকায় দেয়াল নির্মাণ এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে সমন্বয় করে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি কেপিআই এলাকায় অবৈধ অটোরিকশা, হকার ও ভিক্ষাবৃত্তি নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপ বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশগামী যাত্রীদের সঙ্গে প্রতারণাকারী চক্রের সদস্যদেরও গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ।

সম্প্রতি বিমানবন্দর থানার এলাকায় একটি ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় দ্রুত তদন্ত করে পুলিশ, ডিবি ও র‌্যাবের সমন্বিত অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় বিপুল অর্থ, অস্ত্র ও লুট হওয়া টাকা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ডাকাতির ঘটনায় মোট ৬২ লাখ টাকা উদ্ধার এবং মূলহোতা হিসেবে অভিযুক্ত একজনকে ৫০ লাখ টাকাসহ গ্রেপ্তারের কথাও জানানো হয়েছে।

অপরাধ দমনের পাশাপাশি সামাজিক উদ্যোগেও থানাটি আলোচনায় এসেছে। গত ৬ জুলাই বিমানবন্দর রেলওয়ে স্টেশনের পাশে থাকা ৪০ থেকে ৪৫ জন সুবিধাবঞ্চিত পথশিশুকে থানায় নিয়ে এসে তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাণিজ্যিক এলাকায় নিরাপত্তা বাড়াতে সিসিটিভি নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্রাউন প্লাজা এলাকায় সার্বক্ষণিক ক্যামেরা পর্যবেক্ষণের জন্য পুলিশ সদস্য রাখার পরিকল্পনা করা হয়েছে। বিমানবন্দর গোলচত্বর এলাকাতেও উচ্চক্ষমতার ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলে জানানো হয়েছে।

ওসি কামরুল হাসান তালুকদার বলেন, মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, চাঁদাবাজি ও অপরাধমুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ কাজ করছে। জনগণ আইন মেনে চললে এবং অন্যদেরও আইন মানতে উৎসাহিত করলে সমাজে শান্তি ও নিরাপত্তা আরও সুদৃঢ় হবে।

Comments (0)
Add Comment