হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালনকালে ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করে ৯৮ হাজার সৌদি রিয়ালসহ দুবাইগামী এক যাত্রীকে আটক করেছেন আনসার সদস্যরা। উদ্ধার হওয়া সৌদি রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে প্রবেশের সময় এ ঘটনা ঘটে। আটক যাত্রীর নাম মোহাম্মদ হালিম। তিনি দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে প্রবেশ করছিলেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বিমানবন্দরের হেভি লাগেজের ৪ নম্বর গেটে চেকিংয়ের সময় যাত্রী মোহাম্মদ হালিমের গতিবিধি সন্দেহজনক মনে হয় দায়িত্বে থাকা আনসার সদস্য পিসি মো. নিজাম উদ্দিনের। এ সময় আনসার সদস্য তার সঙ্গে থাকা মালামাল ও চলাফেরার বিষয়ে সতর্ক হন।
নাজমুস সাকিব বলেন, বিষয়টি এড়িয়ে যাওয়ার জন্য ওই যাত্রী পিসি মো. নিজাম উদ্দিনকে টাকা দেওয়ার প্রস্তাব দেন। তবে আনসার সদস্য ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে শিফটে দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক ওমর ফারুককে জানান।
খবর পেয়ে উপজেলা প্রশিক্ষক ওমর ফারুক ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিমানবন্দর কর্তৃপক্ষের উপস্থিতিতে আনসার সদস্য পিসি মো. আলমগীর হোসেন ওই যাত্রীর সঙ্গে থাকা মালামাল তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ৯৮ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
উদ্ধার করা রিয়ালের বাংলাদেশি মুদ্রায় আনুমানিক মূল্য ৩২ লাখ ৩৪ হাজার টাকা বলে জানানো হয়েছে। পরে আটক যাত্রী মোহাম্মদ হালিম এবং উদ্ধার করা সৌদি রিয়াল বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মো. নাজমুস সাকিব বলেন, দায়িত্ব পালনের সময় আনসার সদস্যের ঘুষের প্রস্তাব প্রত্যাখ্যান এবং সন্দেহজনক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারের ঘটনা বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় দায়িত্বশীলতার বিষয়টি তুলে ধরে।
তিনি আরও বলেন, এ ধরনের নিষ্ঠা ও দৃঢ়তা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনসাধারণের আস্থা ও নিরাপত্তাবোধ আরও সুদৃঢ় করতে সহায়ক।
জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দেশব্যাপী সতর্কতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছেন বলেও জানান তিনি।