পোকেমনের ৩০ বছর পূর্তিতে নতুন সাজে উড়োজাহাজ

জনপ্রিয় গেম সিরিজ পোকেমনের ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সাজে নতুন একটি উড়োজাহাজ উন্মোচন করেছে জাপানের অন্যতম প্রধান এয়ারলাইন অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)।

জনপ্রিয় গেম সিরিজ পোকেমনের ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ সাজে নতুন একটি উড়োজাহাজ উন্মোচন করেছে জাপানের অন্যতম প্রধান এয়ারলাইন অল নিপ্পন এয়ারওয়েজ (এএনএ)। পোকেমনভক্তদের জন্য বিশেষভাবে তৈরি করা এই উড়োজাহাজে গেমটির জনপ্রিয় বিভিন্ন চরিত্রের ছবি ও নকশা ব্যবহার করা হয়েছে।

সবুজ রঙের নকশায় সাজানো বোয়িং ৭৮৭ উড়োজাহাজটিতে পিকাচু ও বুলবাসরসহ পোকেমনের বেশ কয়েকটি জনপ্রিয় চরিত্রের ছবি দেখা যাবে। শুধু উড়োজাহাজের বাইরের অংশ নয়, এর ভেতরেও রাখা হয়েছে পোকেমনভিত্তিক বিশেষ সাজসজ্জা। আসনের কাভারসহ বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে পোকেমন সিরিজের সঙ্গে মিল রেখে নকশা।

পোকেমনের ৩০ বছর পূর্তি উপলক্ষে এএনএর এটি দ্বিতীয় বিশেষভাবে সাজানো উড়োজাহাজ। এর আগে গত জুলাইয়ে লাল রঙের নকশায় সাজানো একটি উড়োজাহাজ যাত্রী পরিবহন শুরু করে। নতুন সবুজ উড়োজাহাজটির নকশাও পোকেমনের ইতিহাসের সঙ্গে বিশেষভাবে যুক্ত।

১৯৯৬ সালে নিনতেন্দোর হ্যান্ডহেল্ড গেম বয় প্ল্যাটফর্মে পোকেমনের প্রথম দুটি সংস্করণ প্রকাশিত হয়। সেই সময় থেকেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেতে শুরু করে গেম সিরিজটি। তিন দশক পরও পোকেমন বিশ্বের অন্যতম পরিচিত বিনোদন ব্র্যান্ড হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। এবার সেই দীর্ঘ যাত্রার স্মরণেই এএনএর উড়োজাহাজে যুক্ত হয়েছে বিশেষ এই আয়োজন।

এএনএ জানিয়েছে, নতুন সাজের বোয়িং ৭৮৭ উড়োজাহাজটি মূলত যুক্তরাষ্ট্র ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক রুটে পরিচালনা করা হবে। ফলে এসব রুটের যাত্রীরা পোকেমনের বিশেষ নকশায় সাজানো উড়োজাহাজে ভ্রমণের অভিজ্ঞতা নিতে পারবেন।

পোকেমনভিত্তিক উড়োজাহাজের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনাও রয়েছে এএনএর। ভবিষ্যতে নীল রঙের নকশায় আরও একটি বিশেষ উড়োজাহাজ চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক রুটে পোকেমনের জনপ্রিয় চরিত্র ও নকশা আরও বেশি যাত্রীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এএনএর মতে, নতুন এই উড়োজাহাজ শুধু একটি বিশেষ সাজের বিমান নয়; এর মাধ্যমে পোকেমনের ৩০ বছরের যাত্রা এবং এএনএর আন্তর্জাতিক কার্যক্রমের ৪০ বছরের ইতিহাসকে একই সঙ্গে তুলে ধরা হয়েছে। গেমটির জনপ্রিয় চরিত্রগুলোকে আকাশপথের ভ্রমণের সঙ্গে যুক্ত করে যাত্রীদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।

Comments (0)
Add Comment