শাহজালাল বিমানবন্দরে উত্তেজনা, আহত ৩ আনসার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিরাপত্তা নির্দেশনা অমান্য করে বিমানবন্দরের ভেতরে প্রবেশের চেষ্টা ঘিরে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় নিরাপত্তা নির্দেশনা অমান্য করে বিমানবন্দরের ভেতরে প্রবেশের চেষ্টা ঘিরে উত্তেজনা ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দায়িত্ব পালনরত তিন আনসার সদস্য সামান্য আহত হয়েছেন। পরে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে বিমানবন্দরের ক্যানোপি-২ এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এক যাত্রীর স্বজন আগমনী গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশের চেষ্টা করলে সেখানে দায়িত্বে থাকা বিমানবাহিনী ও আনসার সদস্যরা তাকে বাধা দেন। এ সময় ওই ব্যক্তি মেঝেতে পড়ে যান।

ঘটনাটি দেখতে পেয়ে সেখানে থাকা কয়েকজন যাত্রীর স্বজন মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ভিডিও ধারণ বন্ধ করতে বলা হলে তাদের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আনসার বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, পরে কয়েকজন ব্যক্তি দায়িত্ব পালনরত আনসার সদস্যদের ওপর হামলার চেষ্টা করেন। এ সময় আনসার সদস্যরা আত্মরক্ষার্থে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে বিমানবাহিনী ও আনসার সদস্যরা সমন্বিতভাবে হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় পিসি হাবিবুর রহমান, আনসার সদস্য মো. নুরুজ্জামান এবং মো. সাদেকুল সামান্য আহত হয়েছেন। তাদের ইউনিফর্মের কিছু অংশও ছিঁড়ে যায়। আহত হওয়ার পরও তারা দায়িত্ব পালন অব্যাহত রাখেন বলে জানিয়েছে আনসার বাহিনী।

বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনায় নিরাপত্তা ব্যবস্থা কার্যকর রাখতে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নির্দেশনা অনুসরণ করা জরুরি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রীদের পাশাপাশি তাদের স্বজনদেরও নির্ধারিত এলাকা ও প্রবেশপথের নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তাদের সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। বিমানবন্দরে দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের সঙ্গে সহযোগিতাপূর্ণ আচরণ করার জন্য যাত্রী ও স্বজনদের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনী।

ঘটনাকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও পরে সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।

Comments (0)
Add Comment