শাহজালালে যাত্রীসেবা দেখতে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যাগেজ ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রীসেবা ও ব্যাগেজ ব্যবস্থাপনা সরেজমিনে দেখতে আকস্মিক পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে তিনি বিমানবন্দরে যান এবং সেখানে বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় মন্ত্রী সরাসরি লাগেজ বেল্ট এলাকায় যান। সেখানে বিমান থেকে নামার পর লাগেজের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। যাত্রীরা বিমানবন্দরে পৌঁছানোর পর কত সময়ের মধ্যে তাদের লাগেজ হাতে পাচ্ছেন, ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না এবং সামগ্রিক সেবার মান কেমন—এসব বিষয়ে যাত্রীদের অভিজ্ঞতা জানতে চান মন্ত্রী।

এ সময় যাত্রীরা তাদের অভিজ্ঞতার কথা মন্ত্রীর কাছে তুলে ধরেন। তারা বিমানবন্দরের ব্যাগেজ ডেলিভারি ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। নির্ধারিত সময়ের মধ্যে লাগেজ হাতে পাওয়ার বিষয়েও সন্তুষ্টির কথা জানান তারা। যাত্রীদের কাছ থেকে সরাসরি ইতিবাচক অভিজ্ঞতার কথা শুনে মন্ত্রী সংশ্লিষ্টদের যাত্রীসেবার মান আরও উন্নত রাখার ওপর গুরুত্ব দেন।

পরিদর্শনকালে মন্ত্রী বলেন, বিমানবন্দরের সার্বিক কার্যক্রমে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। বিমানবন্দরে যাত্রীদের যেন অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সব কর্মকর্তা ও সংস্থাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

বিশেষ করে ব্যাগেজ ডেলিভারির ক্ষেত্রে সময় কমিয়ে আনা এবং যাত্রীদের অপেক্ষার ভোগান্তি কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। লাগেজ পাওয়ার পর যাত্রীদের সহজে ও দ্রুত টার্মিনাল থেকে বের হওয়ার সুযোগ নিশ্চিত করার ওপরও জোর দেন মন্ত্রী।

এ ছাড়া যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমানবন্দরে দ্রুত ট্রলির সংখ্যা বাড়ানোর নির্দেশনা দেন এম রশিদুজ্জামান মিল্লাত। পর্যাপ্ত ট্রলি না থাকার কারণে যাত্রীদের যাতে লাগেজ বহনে সমস্যায় পড়তে না হয়, তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন তিনি।

বিমানবন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকেও তথ্য নেন মন্ত্রী। যাত্রীসেবার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়মিত পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের মাধ্যমে বিমানবন্দরের ব্যাগেজ ব্যবস্থাপনা, যাত্রীসেবার মান এবং যাত্রীদের সুবিধা নিশ্চিত করার বিষয়গুলো সরাসরি পর্যবেক্ষণ করা হয়।

 

Comments (0)
Add Comment