লন্ডনে উন্নত কেবিনসেবা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস

লন্ডনে অনুষ্ঠেয় বিশ্ব ভ্রমণবাজার প্রদর্শনীতে (ডব্লিউটিএম) উন্নত কেবিনসেবা ও মালয়েশীয় আতিথেয়তার অভিজ্ঞতা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস।

লন্ডনে অনুষ্ঠেয় বিশ্ব ভ্রমণবাজার প্রদর্শনীতে (ডব্লিউটিএম) উন্নত কেবিনসেবা ও মালয়েশীয় আতিথেয়তার অভিজ্ঞতা তুলে ধরবে মালয়েশিয়া এয়ারলাইনস। আগামী ৩ থেকে ৫ নভেম্বর লন্ডনের এক্সেল প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিতব্য এ আয়োজনে বিমান সংস্থাটি তাদের প্রিমিয়াম কেবিনসেবা, আধুনিক উড়োজাহাজের অভ্যন্তরীণ সুবিধা এবং যাত্রীসেবার বিভিন্ন দিক তুলে ধরবে। যুক্তরাজ্য ও ইউরোপের ভ্রমণ অংশীদারদের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এবারের প্রদর্শনীতে মালয়েশিয়া এয়ারলাইনস তাদের ইতিহাসের সবচেয়ে বড় প্রদর্শনী স্টল স্থাপন করতে যাচ্ছে। দুই তলাবিশিষ্ট স্টলটির আয়তন হবে ৩৯৭ দশমিক ৫ বর্গমিটার। সেখানে উড়োজাহাজের কেবিনসেবা প্রদর্শনের পাশাপাশি বিমান সংস্থাটির কর্মীদের মাধ্যমে যাত্রীসেবার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

প্রদর্শনীতে এ৩৫০ বিজনেস স্যুইট, এ৩৫০ বিজনেস ক্লাস, এ৩৩০নিও বিজনেস ক্লাস এবং এ৩৩০নিও ইকোনমি ক্লাসের সুবিধা তুলে ধরা হবে। এর মাধ্যমে ভ্রমণকারীরা বিভিন্ন শ্রেণির কেবিনের নকশা, আরামদায়ক পরিবেশ ও সেবার ধরন সম্পর্কে ধারণা পাবেন।

এ ছাড়া দর্শনার্থীদের জন্য থাকবে ভার্চ্যুয়াল রিয়্যালিটি প্রযুক্তির অভিজ্ঞতা। এর মাধ্যমে এ৩৩০নিও উড়োজাহাজের কেবিন ভার্চ্যুয়ালি ঘুরে দেখার সুযোগ পাওয়া যাবে। বিমান সংস্থাটির ঐতিহ্য এবং ক্রীড়াঙ্গনের সঙ্গে অংশীদারত্ব তুলে ধরতে থাকবে বিশেষ প্রদর্শনী। এসবের মধ্যে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড ও মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন আয়োজন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ছবি তোলার বুথও রাখা হবে। নির্বাচিত গুরুত্বপূর্ণ অতিথিদের দেওয়া হবে ব্যক্তিগতভাবে তৈরি বাটিক নকশার লাগেজ ট্যাগ।

প্রদর্শনী স্টলের ওপরের তলায় আমন্ত্রণনির্ভর একটি বিশেষ লাউঞ্জ থাকবে। সেখানে বিমান চলাচল ও ভ্রমণশিল্পের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। মালয়েশিয়া এভিয়েশন গ্রুপের এয়ারলাইন বিজনেস বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্রায়ান ফুং এবং প্রধান বাণিজ্যিক কর্মকর্তা ডারসেনিশ আরেসান্দিরানের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বিমান চলাচল খাতে একাধিক স্বীকৃতি পেয়েছে মালয়েশিয়া এয়ারলাইনস। ২০২৬ সালের স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে এশিয়ার সেরা বিমানকর্মীদের সেবার স্বীকৃতি পেয়েছে সংস্থাটি। একই আয়োজনে তাদের কেবিন ক্রুরা বিশ্বব্যাপী তৃতীয় স্থান অর্জন করেছেন।

এ ছাড়া ২০২৬ সালের ওয়ার্ল্ড মাইস অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা মাইস বিমান সংস্থার স্বীকৃতিও পেয়েছে মালয়েশিয়া এয়ারলাইনস। ব্যবসায়িক সভা, প্রণোদনামূলক ভ্রমণ, সম্মেলন ও প্রদর্শনীকেন্দ্রিক ভ্রমণসেবায় বিমান সংস্থাটির অবস্থান তুলে ধরতে এসব স্বীকৃতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ডব্লিউটিএম লন্ডনে অংশগ্রহণের মাধ্যমে নতুন বাণিজ্যিক যোগাযোগ তৈরি, অংশীদারত্ব সম্প্রসারণ এবং আন্তর্জাতিক বাজারে নিজেদের কেবিনসেবা ও আতিথেয়তার পরিচিতি বাড়াতে চায় বিমান সংস্থাটি।

Comments (0)
Add Comment