ইরানের সম্ভাব্য সামরিক হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের আরও একটি সামরিক ঘাঁটি থেকে বেশ কয়েকটি মার্কিন সামরিক বিমান সরিয়ে নেওয়া হয়েছে। নিরাপত্তা উদ্বেগের কারণে তড়িঘড়ি করে এসব বিমান অন্য ঘাঁটিতে স্থানান্তর করা হয়। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব ইউরোপের সামরিক স্থাপনাগুলোতেও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) মিলডেনহল ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সামরিক বিমানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির বিষয়টি সাধারণ সতর্কতা, নাকি নির্দিষ্ট কোনো লক্ষ্যবস্তুকে কেন্দ্র করে দেওয়া হয়েছে, তা নিয়ে মার্কিন কর্মকর্তারা পর্যালোচনা করছেন।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকালে মিলডেনহল ঘাঁটি থেকে দুটি জ্বালানি সরবরাহকারী ট্যাংকার বিমান জার্মানিতে সরিয়ে নেওয়া হয়। পরে দিনের বিভিন্ন সময়ে আরও কয়েকটি ট্যাংকার ও সামরিক বিমান জার্মানি এবং অন্যান্য সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়। ফ্লাইট ট্র্যাকিংয়ের তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যমটি।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি কোনো মন্তব্য করা হয়নি। মার্কিন বিমানবাহিনী জানিয়েছে, পরিচালনাগত প্রয়োজনের কারণে বিভিন্ন ঘাঁটির মধ্যে নিয়মিত বিমান ও সামরিক সরঞ্জাম স্থানান্তর করা হয়ে থাকে। অন্যদিকে, যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রও বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান, অন্য দেশের সামরিক কার্যক্রম নিয়ে সাধারণত তারা মন্তব্য করেন না।
এর আগে গত মাসেও যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব মার্কিন বোমারু বিমান সরিয়ে নেওয়া হয়েছিল। ওই ঘাঁটিতে সম্ভাব্য সন্ত্রাসী হামলার পরিকল্পনা নিয়ে তদন্তের পর এমন পদক্ষেপ নেওয়া হয়। উল্লেখ্য, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় এই ঘাঁটি ব্যবহার করেছিল যুক্তরাষ্ট্র।
এদিকে, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের কর্মকর্তারা। তাদের দাবি, এসব গোষ্ঠী যুক্তরাজ্যসহ কয়েকটি দেশে অগ্নিসংযোগ ও অন্যান্য হামলা চালিয়েছে। এসব হামলার অনেকগুলোর লক্ষ্য ছিল ইহুদি সম্প্রদায় এবং এর উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করা।
যুক্তরাজ্যের কর্মকর্তারা আরও সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে দেশটিতে সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তুর সংখ্যা বাড়তে পারে।
বিশ্লেষকদের মতে, ইরানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে মার্কিন বিমান সরিয়ে নেওয়ার ঘটনা বিশেষ গুরুত্ব বহন করছে। তবে এটি সরাসরি কোনো আসন্ন হামলার প্রমাণ নয়। বরং সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সতর্কতামূলক সামরিক অবস্থান পরিবর্তনের অংশ হতে পারে।