ওমান এয়ারের ইরাক ফ্লাইট কার্যক্রম শুরু

নিরাপত্তার কারণে ইরাকে পূর্বপরিকল্পিত ফ্লাইট স্থগিত করেছিল ওমান এয়ার। স্থগিত হয়ে যাওয়া উড্ডয়ন কার্যক্রম আগামী মাসে শুরুর ঘোষণা দিয়েছে রাষ্ট্রায়ত্ত আকাশ সেবা সংস্থাটি। এক বিবৃতিতে ওমান এয়ার জানায়, সপ্তাহে মোট চারটি ফ্লাইট ইরাকি শহর নাজাফের উদ্দেশে মাসকাট ছেড়ে যাবে। খবর অ্যারাবিয়ান বিজনেস।

চলতি বছরের ১৫ সেপ্টেম্বর থেকে মধ্য ইরাকের গুরুত্বপূর্ণ শহর নাজাফে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছিল ওমান এয়ার। উড্ডয়ন কার্যক্রম পরিচালনার নিরাপত্তা নিশ্চিত করতে শেষ মুহূর্তে ফ্লাইট স্থগিত করা হয়। বর্তমানে ওমান এয়ার জানায়, আগামী মাসে ফ্লাইট শুরু হলে তা ইরাক-ওমানের মধ্যকার রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক বন্ধন আরো সুদৃঢ় হবে।

ওমান এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা পল গ্রেগোরোয়িশ জানান, বাজার যাচাই, ফ্লাইটের সময়সূচি নির্ধারণ, নাজাফে কোন ধরনের ফ্লাইট মোতায়েন করা নিরাপদ, এসব বিষয় নিরূপণ করতে সময় লাগায় ফ্লাইট শুরু করতে সাময়িক বিলম্ব হয়েছে। তবে প্রথম ইরাকি শহর হিসেবে নাজাফে সেবা প্রদান করতে পেরে ওমান এয়ার আনন্দিত। এছাড়া সাধারণ ভ্রমণকারীদের পাশাপাশি প্রচুর ব্যবসায়ী ও পুণ্যার্থী পবিত্র শহর নাজাফ সফর করায় এটি ওমান এয়ারের জন্য একটি সম্ভাবনাময় স্থান।

Comments (0)
Add Comment