বিমান বিভ্রাটে মমতাকে খুনের চেষ্টা? তোলপাড় সংসদ

বুধবার রাতে কলকাতায় অবতরণের সময়ে জ্বালানি ফুরিয়ে আসা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে দেরিতে অবতরণ করানো হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমানটিকে। মুখ্যমন্ত্রীকে খুন করার জন্যই ইচ্ছাকৃতভাবে এমন করা হয়েছিল বলে ইতিমধ্যে অভিযোগে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। আর এদিন বাংলার মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট নিয়ে কার্যত একজোট হয়ে বিরোধীরা সরব হলেন সংসদে।রাজ্যসভার অধিবেশনে কংগ্রেসের গুলামনবি আজাদ, বিএসপি নেত্রী মায়াবাতী-সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা এই ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিমানে রয়েছেন, সেই বিমানেও এমন জ্বালানি ফুরিয়ে আসার মতো মারাত্মক সমস্যা কীভাবে হল, সেই প্রশ্ন তোলেন বিরোধী নেতারা।

তৃণমূলের ডেরেক ও’ব্রায়েন, সুখেন্দুশেখর রায়দের সুরে সুর মিলিয়ে অন্য বিরোধী দলের নেতারা দাবি করতে থাকেন, এর পিছনে চক্রান্ত খাকার সম্ভাবনা রয়েছে। কারণ নোটবাতিল ইস্যুতে দিনে দিনে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন বাড়াচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবারও তিনি পটনায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সভা করেই কলকাতায় ফিরছিলেন।

বিরোধীদের চক্রান্ত তত্ত্ব খারিজ করে দিয়ে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা সংসদে জানান, মুখ্যমন্ত্রী যে ইন্ডিগো বিমানে ফিরছিলেন, সেটি সন্ধে ৭.৩৬ মিনিটে পটনা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেয়। কিন্তু বিমানটি যথন কলকাতার কাছে পৌঁছয়, তখন তার আগে আরও কয়েকটি বিমান অবতরণের জন্য অপেক্ষা করছিল। এর মধ্যে স্পাইসজেট এবং এয়ার ইন্ডিয়ার দু’টি বিমানেও জ্বালানি কম ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে বিমানটিতে ছিলেন, সেই ইন্ডিগো-র বিমানের চালক কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানে জ্বালানি ফুরিয়ে আসার কথা জানান। এর পরেই স্পাইসজেট, এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো— জ্বালানি কম থাকা এই তিনটি বিমানকে অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের সুযোগ করে দেওয়া হয় বলে দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, জ্বালানি ফুরিয়ে আসা সত্ত্বেও আধ ঘণ্টারও বেশি সময় বিমানটিকে আকাশে চক্কর কাটতে বলা হয়। জয়ন্ত সিনহা অবশ্য দাবি করেছেন, মমতার বিমান ১৩ মিনিট আকাশে অপেক্ষা করেছিল। নির্ধারিত সময়ের চার মিনিট পরে, রাত ৮.৪০ মিনিটে বিমানটি কলকাতায় অবতরণ করে।

মন্ত্রীর দাবি, এক মুহূর্তের জন্যও কারও নিরাপত্তার সঙ্গে আপোস করা হয়নি। কেন্দ্রীয় সরকার প্রত্যেক বিমানযাত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর। যদিও কীভাবে একইসময়ে অবতরণের অপেক্ষায় থাকা তিনটি বিমানে জ্বালানি ফুরিয়ে এল, তা নিয়ে ডিজিসিএ তদন্ত করে দেখবে।

মন্ত্রীর এই যুক্তি খণ্ডন করে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন পাল্টা প্রশ্ন তোলেন, যাত্রীদের নিয়ে কোনও আশঙ্কা না থাকলে বিমানবন্দরে কেন দমকল, চিকিৎসক, অ্যাম্বুল্যান্স-সহ সমস্ত আপৎকালীন ব্যবস্থা তৈরি রাখা হয়েছিল?

এর জবাবে মন্ত্রী জানান, সাধারণত ন্যূনতম ঝুঁকি এড়াতেই এই ধরনের ঘটনায় এই সাবধনতা অবলম্বন করা হয়ে থাকে। এক্ষেত্রে ডিজিসিএ-র তদন্তের পরে ফৌজদারি আইন মেনেও তদন্ত করা হবে। কারও গাফলতি প্রমাণিত হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

গত কয়েকদিন ধরেই নোটবাতিল ইস্যুতে বিরোধীদের একজোট করার চেষ্টা করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই চেষ্টায় তিনি কতটা সফল হয়েছিলেন, তা নিয়ে বিতর্ক থাকলেও, এক বিমান বিভ্রাটেই সব বিরোধীদের একজোট করে ফেললেন মমতা।

এদিন তাঁর হয়ে সংসদে যেভাবে বিরোধীরা সরব হলেন, নোটবাতিল বিতর্কের মধ্যে তা নিঃসন্দেহে স্বস্তিতে রাখবে মমতা বন্দ্যোপাধ্যায়-সহ গোটা তৃণমূল কংগ্রেসকে। সর্বভারতীয় ক্ষেত্রে বিরোধী নেত্রী হিসেবে মমতার গুরুত্ববৃদ্ধি ইঙ্গিতও বোধহয় দিয়ে গেল এদিনের সংসদ। সূত্র- এবেলা

Comments (0)
Add Comment