শিগগিরই আকাশে উড়বে চীনের তৈরি সবচেয়ে বড় উভচর বিমান এজি৬০০। দিন কয়েক আগেই ইঞ্জিন টেস্টে উতরে গেছে এই বিমান। চলতি বছরের শুরুর দিকেই আকাশে উড়বে এই বিমান। যেহেতু দণি চীন সাগরসহ একাধিক অংশ নিয়ে চীনের সমস্যা রয়েছে। তাই উন্নততর সামরিক অস্ত্র ও যুদ্ধযান বানানোয় মন দিয়েছে বেইজিং। এর অংশ হিসেবে এই বিমানের আত্মপ্রকাশ।
এই বিমান তৈরি করতে আট বছর সময় লেগেছে চীনের। এই বিমান সমানভাবে পানি ও স্থলে চলতে পারে। যেকোনো মুহূর্তে বিপর্যয় এবং জঙ্গলের আগুন নেভানোর কাছে এই বিমানকে ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে। বেইজিংয়ের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়না বা (এভিআইসি) বিমানটি তৈরি করেছে।
এজি৬০০ বিমান আকারে প্রায় বোয়িং ৭৩৭-এর সমান। পানি থেকে ওঠা-নামা করতে পারে বিশ্বে এমন যেসব বিমান বানানো হয়েছে তার মধ্যে এজি৬০০-ই সবচেয়ে বড়। এই বিমানের সর্বাধিক রেঞ্জ চার হাজার ৫০০ কিলোমিটার। ৫৩.৫ টন ওজন নিয়ে আকাশে উড়তে পারবে এটি।