সংশ্লিষ্টরা জানান, রোববার থেকে এ বছরের বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের প্রাক-নিবন্ধন শুরু হবে। এর আগে বৃহস্পতিবার নতুন কিছু নিয়ম বেঁধে দিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে ধর্ম মন্ত্রণালয়। এতে বলা হয়, নিবন্ধন শুরুর প্রথম ৩ দিন চুক্তিবদ্ধ প্রত্যেক এজেন্সি কমপক্ষে ১৫০ হজযাত্রীর প্রাক-নিবন্ধন করতে পারবে। যেসব এজেন্সির অধীনে ওই সংখ্যক হজযাত্রী গেল বছর প্রাক-নিবন্ধিত রয়েছে, তারা এই ৩ দিন নতুন কোনো প্রাক-নিবন্ধন করতে পারবেন না। ৩ দিন পর সব এজেন্সির জন্য প্রাক-নিবন্ধন উন্মুক্ত হবে। নতুন এ নিয়মের ফলে যেসব এজেন্সি হজনীতি অনুযায়ী সর্বোচ্চ ৩০০ জন বা এর চেয়ে কম সংখ্যক হজযাত্রীর প্রাক-নিবন্ধনের প্রস্তুতি নিয়েছেন, তারা চরম বিপাকে পড়বেন। অন্যদিকে যেসব এজেন্সি ১৫০ জনের অনেক কম হজযাত্রী সংগ্রহ করেছে, নতুন নিয়মের কারণে তারা লাভবান হবে।
হাবের সাবেক ইসি সদস্য ও মদিনা এয়ার ট্রাভেলসের মালিক মাওলানা ফজলুর রহমান জানান, প্রাক-নিবন্ধনের বিষয়ে মন্ত্রণালয়ের নতুন নিয়মে ক্ষতিগ্রস্ত বেশ সংখ্যক এজেন্সি মালিক শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় একটি বৈঠক করেন। সেখান থেকে প্রাক-নিবন্ধন শুরুর সময় এক সপ্তাহ পেছানো, হজনীতি অনুযায়ী সর্বনিম্ন কোটা ১৫০ ও সর্বোচ্চ কোটা ৩০০ জন বহাল রাখার দাবি জানানো হয়। এর আগে হাব সভাপতি জানান, বুধবার ধর্ম মন্ত্রণালয় ও হাব কর্মকর্তাদের এক বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার প্রাক-নিবন্ধনের বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে মন্ত্রণালয়। এজেন্সিগুলোর অসম প্রতিযোগিতা ও অবৈধ কর্মকা- বন্ধের জন্য প্রত্যেক এজেন্সিকে কমপক্ষে ১৫০ জনের প্রাক-নিবন্ধনের সুযোগ রাখা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।