রাজধানীর সোনারগাঁও হোটেলে গতকাল বৃহস্পতিবার থেকে ঢাকা ট্রাভেল মার্ট শুরু হয়েছে। কাল শনিবার শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। জনপ্রতি প্রবেশ ফি ৩০ টাকা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এই মেলার উদ্বোধন করেন। মেলার পৃষ্ঠপোষক পর্যটনবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর।
গতকাল দুপুরে মেলায় গিয়ে দেখা যায়, এবার বিদেশ ভ্রমণের পাশাপাশি দেশের অভ্যন্তরেও বিভিন্ন পর্যটন স্পটে ভ্রমণে বিভিন্ন প্রতিষ্ঠান অফার দিচ্ছে। এমনকি পয়লা বৈশাখ সামনে রেখে ব্র্যাক সিডিএম রাজেন্দ্রপুর রিসোর্টে জনপ্রতি চার হাজার টাকায় ‘ডে আউট প্যাকেজ’। একই ধরনের বৈশাখী অফার দিয়েছে গাজীপুরের ড্রিম স্কয়ার রিসোর্ট।
এবার আসা যাক দেশের অভ্যন্তরে ঘোরাফেরায় কী ধরনের প্যাকেজ পাবেন। মেলা উপলক্ষে কক্সবাজারের ইনানিতে অবস্থিত পাঁচ তারকা হোটেল রয়েল টিউলিপ তাদের কক্ষ ভাড়ায় ৫০ শতাংশের বেশি ছাড় দিয়েছে। এমন ছাড় আছে কক্সবাজারের সি ক্রাউন হোটেলেও।
মেলা উপলক্ষে দেশীয় উড়োজাহাজ সংস্থাগুলো পাল্লা দিয়ে ছাড় দিচ্ছে। ইউএস বাংলা, রিজেন্ট, নভো এয়ার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ভাড়ায় ১০ থেকে ১৫ শতাংশ ছাড় দিচ্ছে। রাষ্ট্রমালিকানাধীন প্রতিষ্ঠান বিমান ব্যাংকক, সিঙ্গাপুর, ইয়াঙ্গুন, কুয়ালালামপুর, কলকাতা ও কাঠমান্ডু রুটে ইকোনমি ক্লাসের টিকিটে ২০ শতাংশ ছাড় আছে।
দেশের বাইরে প্যাকেজের সমাহার আছে এই মেলায়। বিভিন্ন ট্রাভেল এজেন্সি প্রতিষ্ঠান এসব অফার নিয়ে এসেছে। অফারের জনপ্রিয় গন্তব্যগুলো হলো ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, মালদ্বীপ, ইন্দোনেশিয়া। থাকা-খাওয়া, বিমান ভাড়া, স্থানীয় যাতায়াতসহ বিভিন্ন সুবিধা পাবেন এসব অফারে।