ভারতে আবার এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীর সঙ্গে সাংসদের দুর্ব্যবহার

শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড়ের পর এবার পশ্চিমবঙ্গের তৃণমূল সাংসদ দোলা সেন। গতকাল শুক্রবার থেকে আলোচনায় তিনি। বিমানের আসন নিয়ে কর্মীদের সঙ্গে অভব্য আচরণ করেছেন দোলা সেন।

গত ২৩ মার্চ শিবসেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় এয়ার ইন্ডিয়ার বিমানকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করে সমালোচনার মুখে পড়েছিলেন। এয়ার ইন্ডিয়াসহ ভারতের ছয়টি বিমান সংস্থা ওই সাংসদকে বিমানে চড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। এরপরই রবীন্দ্র গায়কোয়াড় সংসদে ক্ষমা চান এবং চিঠি লেখেন বেসামরিক বিমান মন্ত্রণালয়ে। গতকাল শুক্রবার সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এদিনই সাংসদ দোলা সেনের অভব্য আচরণ সংবাদের শিরোনাম হয়। অসুস্থ মাকে নিয়ে তিনি এয়ার ইন্ডিয়া বিমানে করে দিল্লি থেকে কলকাতায় যাচ্ছিলেন। মাকে আনছিলেন হুইলচেয়ারে করে। তাঁর মায়ের আসন পড়ে আপত্কালীন দরজা বা ইমার্জেন্সি এক্সিটের কাছে। এখানে হুইলচেয়ারে বসানো যাবে না বলে আপত্তি তোলেন বিমানকর্মীরা। তাঁরা দাবি করেন, টিকিট কাটার সময় দোলা সেন হুইলচেয়ারের বিষয়টি জানাননি। এতে বিতর্ক শুরু হয়। দোলা সেনের মাকে ইকোনমি ক্লাসের পরিবর্তে বিজনেস ক্লাসের আসন দিতে চাইলেও তা নিতে অসম্মতি জানান তিনি। এই বচসার কারণে বিমান ছাড়তে ৪০ মিনিট দেরি হয়। এতে অস্বস্তিতে পড়েন যাত্রীরা। পরে তাঁর মায়ের জন্য আলাদা আসন করে দেওয়া হয়।

Comments (0)
Add Comment