অবশেষে সামনে এসেছে আসল ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ছবিতে দেখা গেছে, এমিরেটস বিমান সংস্থার একটি যাত্রীবাহী বিমান হীরা দিয়ে ঢাকা। বিমানটি রানওয়েতে দাঁড়িয়ে আছে। আর এই ছবিটি দেখেই সবাই ভাবতে শুরু করেছে, এমিরেটস হয়তো প্রথমবার হীরা দিয়ে মোড়ানো বিমান তৈরি করে ফেলেছে।
কিন্তু নেটিজেনদের সব জল্পনা ও ধোঁয়াশা দূর করে বিমান সংস্থাটি টুইট করে জানিয়েছে, এটি শুধুই একটি ছবি। বাস্তবে এমন বিমানের কোনো অস্তিত্ব নেই। এমিরেটস ‘ব্লিং’ ৭৭৭ বিমানের এমন চোখ ধাঁধানো ছবিটি তৈরি করেছেন সারা শাকিল নামে একজন।
এর আগে ৪ ডিসেম্বর সারা নিজেও তার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছিলেন। ইনস্টাগ্রামে তার ফলোয়ারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। ফলে এমন ছবি পোস্ট হতেই নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে যায়। এখন পর্যন্ত ৫৪ হাজারেরও বেশি লাইক পেয়েছে ছবিটি।
কৌতূহল বশেই অনেকে তা শেয়ারও করেন। অনেকে আবার ছবিটি পোস্ট করে সত্যিটাও জানতে চান অন্যদের কাছে। এসব আলোচনার মধ্যেই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমিরেটসও। তবে সঙ্গে সত্যিটাও প্রত্যেককে জানিয়ে দেয় তারা।
কম্পিউটার ও প্রযুক্তির সাহায্যেই সারা এমন অনবদ্য কাজ করেছেন বলে জানানো হয়েছে।