ইন্ডিগোর বিমানে ফিরলে নাকি পাপের প্রায়শ্চিত্ত হবে

ইন্ডিগোর বিমানে ফিরলে নাকি পাপের প্রায়শ্চিত্ত হবে।

বাস্তবে কোনোকিছু ঘটলে তৎক্ষণাৎ সেই ব্যাপারে অনেকেই নিজের প্রতিক্রিয়া জানান সামাজিক যোগাযোগের মাধ্যমে। টুইটারে হরহামেশাই নানা ইস্যুতে অনেকর প্রতিক্রিয়া দেখা যায়। সেসবের মধ্যে কিছু টুইটে থাকে হাস্যরসের ছড়াছড়ি।

সম্প্রতি ইন্ডিগো বিমান সংস্থা ব্যাংকক থেকে বারানসি পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা শুরু করেছে। তার পর থেকেই ব্যাংকক থেকে বারানসি যাত্রাকে ডাকা হচ্ছে মজাদার নামে।

গঙ্গার তীরে অবস্থিত উত্তর প্রদেশের বারানসি শহরটি মন্দিরের শহর বলে পরিচিত। কারণ এই শহরের অলিগলিতে রয়েছে অসংখ্য মন্দির। প্রতিদিন হাজার হাজার পর্যটক বারানসিতে ভিড় করেন গঙ্গার তীরের সন্ধ্যারতি দেখার জন্য।

অন্য দিকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক পরিচিত পর্যটনের জন্য। পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা সেখানে ভিড় করেন লাস্যময় জীবনে ভেসে যাওয়ার জন্য।

দুটি শহরের এই বৈপরীত্যকে হাতিয়ার করেই টুইটারে শুরু হয়েছে মজা। ব্যাংকক থেকে বারানসি পর্যন্ত ওই বিমান যাত্রাকে মজা করে বলা হয়েছে ‘পাপ ও প্রায়শ্চিত্তের পথে যাত্রা’!

Comments (0)
Add Comment