দক্ষিণ এশিয়ায় পর্যটন সম্ভাবনা বাড়াতে ভিসা সহজ করার পরামর্শ

আঞ্চলিক পর্যটন শিল্পকে শক্তিশালী করতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর উচিত ভিসা পদ্ধতিকে আরো সহজ ও উদার করা। এতে শুধু পর্যটন খাত সমৃদ্ধ হবে না, সেই সঙ্গে বাণিজ্যিক সম্ভাবনাও বাড়বে। সম্প্রতি ভারতে আয়োজিত ‘ওপরচুনিটিজ ফর কো-অপারেশন ইন সার্ভিসেস ইন সাউথ এশিয়া’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।
সেমিনারে ভারতের বাণিজ্য বিভাগের যুগ্ম সচিব অরবিন্দ মেহতা বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোয় ভিসানীতি সহজ করা যেমন প্রয়োজন, তেমনি ভারত ও পাকিস্তান একে অন্যের পর্যটক ভিসা গ্রহণ করার যে নীতি তাও পরিবর্তন করা প্রয়োজন। তিনি সার্ক দেশগুলোয় কানেক্টিভিটি বাড়াতে একটি পরিবহন চুক্তি করার পরামর্শ দেন।
সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ খাত হতে পারে স্বাস্থ্যসেবা। আলোচনায় মালদ্বীপের অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী আব্দুল লতিফ মোহাম্মদ বলেন, স্বাস্থ্যসেবা, নির্মাণ ও আইটি খাতে সহযোগিতায় সার্ক দেশগুলোকে আরো এগিয়ে আসা প্রয়োজন। এতে আফগানিস্তান ও পাকিস্তানের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ী নেতারাও আলোচনা করেন।

Comments (0)
Add Comment