স্থলসীমান্ত চুক্তি অনুমোদন ভারতের মন্ত্রিসভায়

বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি বিল অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা।

মঙ্গলবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রিসভার এক বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্ত চুক্তি বাস্তবায়নের জন্য সংবিধান সংশোধনের এই বিলটি অনুমোদিত হয়।

এই বিলটি অপরিবর্তিত আকারে পাস হবে – নাকি এর আওতা থেকে ভারতের আসাম রাজ্যকে বাদ দেয়া হবে – তা নিয়ে সরকারি দল বিজেপি, বিরোধীদল কংগ্রেস এবং আসাম রাজ্যের বিজেপি নেতৃত্বের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছিল।

কারণ আসামের বিজেপি নেতৃত্বের অভিমত ছিল, অপরিবর্তিত আকারে বিল পাস হলে আসাম রাজ্যকে ২৬৮ একরের ছিটমহল বাংলাদেশকে হস্তান্তর করতে হবে – যা স্থানীয় নির্বাচনের আগে রাজ্য বিজেপির জন্যে রাজনৈতিকভাবে অসুবিধেজনক হতে পারে।

আর কংগ্রেসের অবস্থান ছিল, অপরিবর্তিত আকারেই বিল পাস হতে হবে – ঠিক যেভাবে এটি ভারতীয় পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় তোলা হয়েছিল।

কিন্তু শেষ পর্যন্ত সব পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে এবং অপরিবর্তিত আকারেই বিলটি অনুমোদিত হয়েছে।

স্থলসীমান্ত চুক্তির অধীনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ১৬১টি ছিটমহল বিনিময় হবে। এখন সংবিধান সংশোধনের মাধ্যমে পার্লামেন্টে সীমান্ত চুক্তি বিলটি পাস হতে হবে।

২০১৩ সালে চুক্তিটি রাজ্যসভায় উত্থাপন করা হয়। পরে এটি কংগ্রেস নেতা শশী থারুরকে প্রধান করে একটি নির্বাচিত কমিটির কাছে পাঠানো হয়। ওই কমিটি চুক্তিটি বাস্তবায়নের পরামর্শ দেয়।

এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের সঙ্গে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করতে হবে।’

Comments (0)
Add Comment