মাস্কাট রুটে বড় উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালুর আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর

মাস্কাট রুটে বড় উড়োজাহাজ দিয়ে ফ্লাইট চালুর আশ্বাস বিমান প্রতিমন্ত্রীর।

মরদেহ ও অসুস্থ যাত্রী পরিবহন এবং ব্যাগেজ জটিলতা নিরসনে ওমানের রাজধানী মাস্কাট রুটে খুব শিগগিরই বাংলাদেশ বিমানের বড় ফ্লাইট চালু করা হবে বলে আশ্বাস দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

গত সোমবার সচিবালয়ে আন্তর্জাতিক সংগঠন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশন এবং চট্টগ্রাম সমিতি ওমানের সঙ্গে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনআরবি-সিআইপি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. মাহতাবুর রহমান, সিনিয়র সহসভাপতি তাতাইয়ামা কবির, এম শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক কাজী সারোয়ার হাবীব, সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমানের সভাপতি মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, অর্থ সম্পাদক ওমান প্রবাসী আশরাফুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক হাফেজ ইদ্রিস এবং সিনিয়র সাংবাদিক এজাজ মাহমুদ।

বৈঠকে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে মাস্কাট রুটে বিমানের বড় উড়োজাহাজ বন্ধ থাকায় সীমাহীন দুর্ভোগের কথা, হিমঘরে মরদেহের দীর্ঘ সারি আর হাসপাতালের বিছানায় অপেক্ষায় থাকা অসুস্থ প্রবাসীদের আর্তনাদের কথা প্রতিমন্ত্রীকে জানানো হয়। এছাড়া সম্প্রতি বাংলাদেশ থেকে মাদক পাচারসহ বিমানবন্দর কেন্দ্রিক বিভিন্ন সমস্যা প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং বাংলাদেশ বিমান ও বিমানবন্দর কেন্দ্রিক প্রবাসীদের সকল সমস্যা নিরসনে দ্রুত ব্যবস্থা নেবেন বলে

আশ্বাস দেন। বৈঠক শেষে প্রতিমন্ত্রীকে চট্টগ্রাম সমিতি ওমানের পক্ষ থেকে ওমানী স্মারক উপহার দেওয়া হয়।

Comments (0)
Add Comment