ঘানার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
আফ্রিকার দেশ ঘানার ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। গত বৃহস্পতিবার দেশটি এ তথ্য জানিয়েছে। ঘানার নাগরিকদের যুক্তরাষ্ট্র থেকে প্রত্যাবাসনে সহায়তা না করার কারণে দেশটির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ। খবর রয়টার্স।
যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে জানায়, পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ঘানায় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তাদের কিছু নির্দিষ্ট শ্রেণীর ভিসা আবেদনকারীর ওপর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দিয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ঘানার কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়া পাওয়া না গেলে এ নিষেধাজ্ঞা আরো বেশিসংখ্যক মানুষের ওপর আরোপ করা হতে পারে।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী কারসটিয়েন নিয়েলসেন জানান, ঘানা যুক্তরাষ্ট্র থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেয়ার অনুরোধে সাড়া দিচ্ছে না। আর এর মাধ্যমে দেশটি আন্তর্জাতিক আইন মেনে চলতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, আমরা আশা করি এ সংকট মীমাংসায় ঘানা সরকার দ্রুত আমাদের সঙ্গে কাজ শুরু করবে।