আকাশে উড়ছে বাঘ, হাঙর, কার্টুন চরিত্রের বিচিত্র রকমের উড়োজাহাজ

বিশ্বের সব বিমানবন্দরেই সারি সারি উড়োজাহাজ দেখা যায়। এগুলোর অবয়ব প্রায় একইরকম। এসব উড়োজাহাজের ভিড়ে কোনোটিকে আলাদা করা দুষ্কর। তবে কিছু এয়ারলাইনসের একটি করে আকাশযানের বহির্ভাগে আছে অদ্ভুত ডিজাইন। কখনও বিজ্ঞাপনের অংশ হিসেবে এসব রঙ করানো হয়। মাঝে মধ্যে এর মাধ্যমে ফুটে ওঠে মহতী উদ্যোগ। কখনওবা শুধুই মজার ছলে বিমানের গায়ে রঙ দিয়ে নানান নকশা করা হয়ে থাকে। আকাশে উড়ে বেড়ানো সবচেয়ে বর্ণিল ডিজাইনের কিছু উড়োজাহাজ দেখতে স্ক্রল করে নিচে নামতে থাকুন।

* ১৯৯৬ সালে কোমল পানীয় পণ্য পেপসির প্রচারণার জন্য এয়ার ফ্রান্সের একটি দ্রুতগামী কনকর্ডের গায়ে গাঢ় নীল রঙ করা হয়। এতে পেপসির নামও লেখা ছিল। এই আবরণ নিয়ে ১৬টি চার্টার্ড ফ্লাইট চালিয়েছে এয়ার ফ্রান্স। এরপর আবারও পুরনো সাদা রঙে ফিরে যায় বিমানটি। তবে এমন প্রচারণার জন্য পেপসি কত টাকা দিয়েছে তা প্রকাশ করা হয়নি।

* নব্বই দশকের গোড়ার দিকে ফক্স টেলিভিশনের ‘দ্য সিম্পসনস’ কার্টুনের বিজ্ঞাপনি প্রচারণা হিসেবে অধুনা-লুপ্ত ওয়েস্টার্ন প্যাসিফিক এয়ারলাইনসের একটি বোয়িং ৭৩৭-৩০০ উড়োজাহাজের একপাশ ব্যবহৃত হয়। কার্টুনটির বিখ্যাত চরিত্রগুলোর মুখ ছিল এতে। বিমানটির লেজে আঁকা হয় লম্বা কোঁকড়া চুলধারী মা মার্জ সিম্পসনের অবয়ব।

* ব্রাজিলিয়ান আকাশযান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এমব্রায়ের গত বছর তাদের নতুন ই১৯০-ই২ উড়োজাহাজের ডগার আবরণে আঁকিয়েছে হাঙরের মুখ।

* এমব্রায়েরের ই১৯০-ই২ মডেলের আরেকটি উড়োজাহাজের সম্মুখভাগের আবরণে দেখা যায় বাঘের মুখ।

* কাজাখস্তানের পতাকাবাহী বিমান সংস্থা এয়ার আসতানা ২০১৮ সালের ডিসেম্বরে এম্ব্রায়েরের বানানো ১৯০-ই২ মডেলের নতুন উড়োজাহাজ উন্মোচন করে। এর ডগায় দেখা যায় পাহাড়ি চিতাবাঘের মুখ

* ২০১৮ সালের সেপ্টেম্বরে চীনের সিচুয়ান এয়ারলাইনস নতুন একটি উড়োজাহাজ উন্মোচন করে। পান্ডা থিমে এর আবরণ সাজানো হয়। তথাকথিত পান্ডা রুট বেইজিং থেকে চেংদুতে এটি চলাচল করে। এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজটির একপাশে বিশাল একটি পান্ডার মুখ রয়েছে। বিমানটির অভ্যন্তরে যাত্রীদের পান্ডা থিমের খাবার পরিবেশন করা হয়।

* বিখ্যাত কার্টুন চরিত্র হ্যালো কিটির ৪০তম জন্মদিন উদযাপনের অংশ হিসেবে তার থিমে একটি বোয়িং ৭৭৭ উড়োজাহাজ রঙিন করে তোলে তাইওয়ানিজ এয়ারলাইন ইভিএ এয়ার। আর বিমানটির অভ্যন্তরে যাত্রীদের মাথা রাখার কাভার ও বালিশ বিড়ালসদৃশ পশমে সাজানো হয়।

* থাইল্যান্ডের অভ্যন্তরীণ রুটে যাত্রীসেবা দিয়ে থাকে বাজেট এয়ারলাইনস নক এয়ার। থাই শব্দ নকের ইংরেজি হলো বার্ড অর্থাৎ পাখি। তাই বোয়িং ৭৩৭ উড়োজাহাজের আবরণে রয়েছে একটি পাখির আকৃতি।

* জার্মান এয়ারলাইন তুই ফ্লাই তাদের দুটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজের আবরণ হারিবো সুইটস অবলম্বনে বর্ণিলভাবে সাজিয়েছে। হারিবো জার্মানির বিখ্যাত মিষ্টি।

* চায়না ইস্টার্ন এয়ারওয়েজের বিশেষ ‘টয় স্টোরি’ বিমানে বিখ্যাত চরিত্র বাজ লাইটইয়ার চরিত্রের সঙ্গে উড়তে পারেস যাত্রীরা। উড়োজাহাজটির আবরণে উডি চরিত্রকেও দেখা যায়। ২০১৮ সালে সাংহাই ডিজনি রিসোর্টে টয় স্টোরি ল্যান্ডের উদ্বোধন হয়। এ উপলক্ষে চায়না ইস্টার্ন এয়ারওয়েজের বেইজিং থেকে সাংহাই রুটের জন্য বিমানটি রঙিনভাবে সাজানো হয়।

* এয়ারবাস বেলুগাএক্সএল মালবাহী বিমানটি দেখতে তিমির মতো। ২০১৮ সালে নতুন এই আকাশযান উন্মোচন হয়। এটি বেলুগাএসটির চেয়ে ছয় মিটার (১৯ ফুটের বেশি) লম্বা ও এক মিটার (৩ ফুটের বেশি) চওড়া। ছয় টনের বেশি ওজন বহন করতে পারে এই বিমান।

* জাপানের অল নিপ্পন এয়ারওয়েজের জন্য বানানো এয়ারবাসের এ৩৮০ মডেলের একটি উড়োজাহাজ উন্মোচন করা হয় ২০১৮ সালের ডিসেম্বরে। হাওয়াই অনুপ্রাণিত ডিজাইনের সঙ্গে এর আবরণে রয়েছে সামুদ্রিক কচ্ছপের অবয়ব। এ বছরের বসন্তকাল থেকে টোকিও থেকে হাওয়াইয়ের হনোলুলু রুটে যাত্রীসেবায় ব্যবহৃত হবে এটি।

* কানটাসের একজোড়া উড়োজাহাজে আদিবাসী অনুপ্রাণিত আবরণ দেখা যায়। অস্ট্রেলিয়ার আদিবাসী ও টোরেস স্ট্রেট দ্বীপপুঞ্জের বাসিন্দাদের সম্মান জানাতেই এমন রঙিন আবহ।

* ২০১৫ সালে এমিরেটসের এ৩৮০ মডেলের দুটি উড়োজাহাজে বিপন্ন প্রজাতির প্রাণীদের তুলে ধরতে নতুন রঙ দেওয়া হয়। শিকার ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের কারণে এসব প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে।
সূত্র: ডেইলি মেইল

Comments (0)
Add Comment