শ্রীলংকায় বিমানবন্দরের কাছে ড্রোন ওড়ানোয় মালদ্বীপের চার নাগরিক গ্রেফতার

শ্রীলংকায় বিমানবন্দরের কাছে ড্রোন ওড়ানোয় মালদ্বীপের চার নাগরিক গ্রেফতার।

শ্রীলংকার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বন্দরনায়েক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের (বিআইএ) কাছে বেআইনিভাবে ড্রোন ওড়ানোর অভিযোগে মালদ্বীপের চারজন নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন নারীও রয়েছে বলে জানা গেছে। রোববার শ্রীলংকার স্থানীয় পুলিশের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। খবর এএফপি।
পুলিশের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, বিআইএর উচ্চ নিরাপত্তা জোনের ভেতর ড্রোন ব্যবহার করায় সন্দেহভাজনদের শনিবার রাতে পুলিশ হেফাজতে নেয়া হয়। পুলিশের মুখপাত্র রোওয়ান গোনাসাকেরা বলেন, ‘ড্রোনের সাহায্যে তারা বিমানবন্দর এলাকার ছবি ধারণ করছিল। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে। সন্দেহভাজনদের বয়স ১৯ থেকে ২৩ বছরের মধ্যে।’
এয়ারপোর্টের কাছাকাছি বেআইনিভাবে ড্রোন পরিচালনার ঘটনায় এবারই প্রথম শ্রীলংকায় গ্রেফতারের কোনো ঘটনা ঘটল। কলম্বোয় আয়োজিত শ্রীলংকার ৭১তম জাতীয় দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহামেদ সলিহর পৌঁছানোর মাত্র কয়েক ঘণ্টা আগে এ ঘটনাটি ঘটে।
তবে ড্রোন ওড়ানোর ঘটনায় শনিবার আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে বিআইএ কর্তৃপক্ষ।
দেশটিতে এয়ারপোর্টের কাছাকাছি এলাকায় যেকোনো ধরনের ড্রোন ওড়ানো একেবারে নিষিদ্ধ। এছাড়া ড্রোনের সাহায্যে ছবি নেয়া এবং মাপজোক করাও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়।

Comments (0)
Add Comment