সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের

সিলেট টু লন্ডন সরাসরি ফ্লাইট চালুর দাবি প্রবাসীদের।

লন্ডন থেকে সরাসরি সিলেটে ফ্লাইট চালুর জন্য যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনীম ও টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর আয়াস মিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিরা।

সম্প্রতি যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ও টাওয়ার হ্যামলেটের কাউন্সিলরের সঙ্গে এক মতবিনিময় সভায় এ দাবি তুলে ধরেন তারা।

সভায় হাইকমিশনার সাইদা মুনা তাসনীম বলেন, ‘সিলেট-লন্ডন সরাসরি ফ্লাইটসহ প্রবাসী বাঙালি কমিউনিটির যৌক্তিক দাবিসমূহ আদায়ে হাইকমিশন কমিউনিটির সঙ্গে কাজ করবে।’

এ সময় হাইকমিশনার লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সেবাসমূহ সহজ ও গতিশীল করার ব্যাপারে তার পদক্ষেপ তুলে ধরেন। তাছাড়া বৃটেনের বেড়ে ওঠা তরুণ-তরুণীদের তাদের শিকড়ের সঙ্গে সংযোগ স্থাপনে হাইকমিশনের গৃহীত কর্মসূচিও তুলে ধরেন তিনি।

সভাপতির বক্তব্যে কাউন্সিলর আয়াস মিয়া নবনিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনীমকে বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেট কাউন্সিলে স্বাগতম জানান। এসময় তিনি বলেন, ‘নতুন হাইকমিশনারের মেধা ও যোগ্য নেতৃত্বে দুই দেশের সেতুবন্ধন আরও কার্যকর ও শক্তিশালী হবে।’

বিশেষত পুনরায় সিলেট সিটি করপোরেশনের সঙ্গে টাওয়ার হ্যামলেট কাউন্সিলের যৌথভাবে কাজ করার ব্যাপারে তার অগ্রণী ভূমিকা থাকবে।

যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি ও প্রবীণ কমিউনিটি নেতা ‘সিলেট-লন্ডন’ সরাসরি ফ্লাইট বাস্তবায়নে বিলম্ব হওয়ায় সমালোচনা করে করেন। এয়ারপোর্টসহ সর্বক্ষেত্রে প্রবাসীদের হয়রানি বন্ধ করে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ভাবমূর্তি উজ্জ্বল করার কথা জানান।

স্পিকার আয়াস মিয়ার সভাপতিত্বে ও কাউন্সিলর আব্দুল মুকিত চুন্নুর (এমবিই) পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, টাওয়ার হ্যামলেটের মেয়র জন বিগস, যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন্নবী চৌধুরী, পলিটিক্যাল মিনিস্টার শ্যামল কান্তি চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান শরিফ, যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি নঈম উদ্দিন রিয়াজ, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, ডেপুটি মেয়র আসমা বেগম, কাউন্সিলর পিটার গোল্ড, আহবাব হোসেন, সাদ চৌধুরী, ইভ ম্যাককুলাম, কমিউনিটি নেতা জামাল খাঁন, যুবলীগ নেতা সেলিম খাঁন, মানবাধিকার কর্মী আহাদ চৌধুরী, স্নিগ্ধা, মিসবাহ শাহাদাত, শাহ শামীম আহমদ, গোলাম মোস্তফাসহ প্রমুখ।

Comments (0)
Add Comment