অন-অ্যারাইভাল ভিসায় ইন্দোনেশিয়া গিয়ে আটক হচ্ছেন বাংলাদেশীরা

অন-অ্যারাইভাল ভিসায় ইন্দোনেশিয়া গিয়ে আটক হচ্ছেন বাংলাদেশীরা।

অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে প্রথমে ইন্দোনেশিয়া, এরপর সুযোগ বুঝে সাগরপথে মালয়েশিয়া গমন। মানব পাচারকারী চক্রের খপ্পরে পড়ে এভাবে অবৈধ উপায়ে মালয়েশিয়া যাওয়ার চেষ্টায় বিপদে পড়ছেন অনেক বাংলাদেশী। এদের মধ্যে যারা সাগরপথে মালয়েশিয়ায় পৌঁছতে পেরেছেন, তাদের কেউ হয়েছেন আটক, আবার কেউবা গ্রেফতার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন। অন্যদিকে যারা এখনো ইন্দোনেশিয়ায় রয়ে গেছেন, তারাও মানবেতরভাবে দিনাতিপাত করছেন।
গত মঙ্গলবার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯২ জন বাংলাদেশীকে আটক করে ইন্দোনেশিয়ার পুলিশ। আটক এসব বাংলাদেশীর বয়স ২০ বছরের আশপাশে। তারা সেখানে দোতলা একটি ভবনে ঠাসাঠাসি করে অবস্থান করছিলেন। আটক হওয়ার পর পুলিশকে তারা খাদ্য সংকটসহ বিভিন্ন সমস্যার কথা জানান।
আটকদের বিষয়ে ইন্দোনেশিয়ার সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে বলছেন, ‘আমরা নিশ্চিত যে কাজের জন্য প্রতিবেশী দেশ মালয়েশিয়ায় প্রবেশের আশায় তারা বাংলাদেশ থেকে এসে বেশ কয়েক মাস ধরে ওই ভবনে অবস্থান করছিল।’ আটককৃতদের কাছে যেহেতু কোনো নথি পাওয়া যায়নি, সেক্ষেত্রে তারা হয়তো সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় এসেছে বলে জানান মেদান ইমিগ্রেশন প্রধান ফেরি মোনাং সিহাইত। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
২০১৬ সালের মাঝামাঝি থেকে বাংলাদেশী পর্যটকদের অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণের সুবিধা দেয় ইন্দোনেশিয়া। অন-অ্যারাইভাল ভিসায় প্রবেশের জন্য বাংলাদেশীদের ইন্দোনেশিয়ার বিমানবন্দরে হোটেল বুকিং, ফিরতি এয়ার টিকিট ও আর্থিক সচ্ছলতার কাগজপত্র দেখাতে হয়। তবে অন-অ্যারাইভাল ভিসায় ৩০ দিনের কম সময়ের মধ্যে যারা দেশটি ত্যাগ করবেন না, তারা অবৈধ বলে বিবেচিত হবেন।
বাংলাদেশ থেকে প্রথমে আকাশপথে ইন্দোনেশিয়া এবং পরবর্তী সময়ে সাগরপথে মালয়েশিয়া—মানব পাচারকারীদের দেখানো এমন পথে গত দুই বছরে অনেক বিদেশ গমনেচ্ছু ইন্দোনেশিয়ায় পাড়ি দিয়েছেন। এভাবেই অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে ইন্দোনেশিয়ায় পৌঁছার পরও যারা মালয়েশিয়ায় যেতে পারেননি, তারাই এখন অবৈধ হয়ে দেশটিতে পালিয়ে বেড়াচ্ছেন এবং প্রায়ই কেউ না কেউ আটক হচ্ছেন।
জনশক্তি রফতানিকারকদের বিভিন্ন সূত্র জানিয়েছে, মানব পাচারকারীরা এরই মধ্যে বেশকিছু মানুষকে এ প্রক্রিয়ায় বিভিন্ন দেশে পাঠিয়েছে। জনশক্তি রফতানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) তথ্য অনুযায়ী, ঢাকা-মালয়েশিয়ায় ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইনসগুলো ব্যবহার করে দালাল চক্র বাংলাদেশীদের মালয়েশিয়া হয়ে ইন্দোনেশিয়ায় নিয়ে যায়। এ ধরনের প্রতিটি দলে প্রায় ১০ জন করে সদস্য থাকে। তারা জার্কাতায় পৌঁছার পর সেখানে থাকা দালাল চক্রের সদস্যরা তাদের সমুদ্রপথে মালয়েশিয়া, পাপুয়া নিউগিনি ও তত্সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় কিছু দ্বীপে পৌঁছে দেয়।
বায়রার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একসময় বঙ্গোপসাগর দিয়ে মানব পাচার নিয়ে অনেক আলোচনা হয়েছে। সরকারের কঠোর উদ্যোগে বর্তমানে তা বন্ধ হয়ে গেছে। তবে ইন্দোনেশিয়া ব্যবহার করে মানব পাচার হচ্ছে কিনা, তা সুনির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ এখন পর্যন্ত সরাসরি তথ্য-প্রমাণসহ কোনো অভিযোগ আসেনি।
বর্তমানে ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় যাত্রী পরিবহন করছে পাঁচটি এয়ারলাইনস। এর মধ্যে সবচেয়ে বেশি যাত্রী পরিবহন করছে মালিন্দো এয়ার ও টাইগার এয়ারওয়েজ। এছাড়া মালয়েশিয়া এয়ারলাইনস, এয়ার এশিয়া ও সিঙ্গাপুর এয়ারলাইনস ইন্দোনেশিয়াগামী যাত্রী পরিবহন করছে।
উল্লেখ্য, ২০০২ সালে ইন্দোনেশিয়ার বালি দ্বীপে বোমা হামলার পর দেশটিতে পর্যটকের সংখ্যা আশঙ্কাজনক হারে কমে যায়। এ অবস্থায় পর্যটক আকর্ষণে ইন্দোনেশিয়া সরকার বিমানবন্দরে অন-অ্যারাইভাল ভিসা দিচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের ৬৫টি দেশের নাগরিকরা এ সুবিধা পাচ্ছে। মানব পাচারকারীরা দেশের বিভিন্ন এলাকা থেকে যুবকদের প্রলোভন দেখিয়ে সুযোগটি কাজে লাগাচ্ছে।
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক সেলিম রেজা বলেন, সরকার অবৈধ পথে বিদেশ পাড়ি না দেয়ার জন্য এলাকাভিত্তিক প্রচারণা চালিয়ে যাচ্ছে। সেই সঙ্গে বিদেশে চাকরির নামে কেউ যাতে দালালের খপ্পরে না পড়ে, সে ব্যাপারেও জনসচেতনতা বাড়ানো হচ্ছে।
প্রসঙ্গত, ২০১২ সালে জিটুজি পদ্ধতিতে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চুক্তি করে মালয়েশিয়া ও বাংলাদেশ। ২০১৬ সালে ১০টি বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে জিটুজি প্লাসের আওতায় অন্তর্ভুক্ত করা হয়। ২০১৭ সালে দেশটিতে ৯৯ হাজার ৭৮৭ জন বাংলাদেশী শ্রমিক যান। আর ২০১৮ সালের আগস্ট পর্যন্ত এ ১০ রিক্রুটিং এজেন্সি পাঠিয়েছে ১ লাখ ২৫ হাজার ৮১৯ জন শ্রমিক। ১০ রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠলে গত ১৪ আগস্ট এক বিশেষ কমিটির বৈঠকে জিটুজি প্লাস থেকে বাংলাদেশকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন দেশটির প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

Comments (0)
Add Comment