৩১ মার্চ থেকে চেন্নাই ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা

৩১ মার্চ থেকে চেন্নাই ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা।

বাংলাদেশের আকাশ পরিবহনের ইতিহাসে প্রথমবারের মতো আগামী ৩১ মার্চ ২০১৯ থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স ব্যবসা সম্প্রসারনের ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য ভারতের চেন্নাইতে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে। প্রাথমিক ভাবে সপ্তাহে তিন দিন ঢাকা থেকে চেন্নাই রুটে ফ্লাইট পরিচালিত হবে।

বাংলাদেশের বিমান পরিবহন সেক্টরে ইউএস-বাংলা অন্যতম সেরা বেসরকারী এয়ারলাইন্স। প্রতিষ্ঠার মাত্র দু’বছরের মধ্যে ঢাকা-কাঠমুন্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে যাত্রা শুরু করে ইউএস-বাংলা। বর্তমানে দেশের অভ্যন্তরে সকল বিমানবন্দর ও আন্তর্জাতিক পরিমন্ডলে ঢাকা থেকে সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া ইউএস-বাংলা চট্টগ্রাম থেকে মাস্কাট, দোহা ও কলকাতা রুটেও ফ্লাইট পরিচালনা করছে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আগামী ৩১ মার্চ থেকে ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট শুরু করতে যাচ্ছে।

ঢাকা-চেন্নাই রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৫,০৪৩ টাকা এবং রিটার্ন ভাড়া ২২,২২৩ টাকা নির্ধারন করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম-চেন্নাই রুটে ওয়ানওয়ের জন্য সর্বনিম্ন ভাড়া ১৬,০৪৫ টাকা এবং রিটার্ন ভাড়া ২২,২২৫ টাকা নির্ধারন করা হয়েছে। ভাড়ায় সকল ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত। প্রাথমিক ভাবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার ঢাকা থেকে সকাল ৯.১০ মিনিটে এবং চট্টগ্রাম থেকে সকাল ১০.৪৫ মিনিটে চেন্নাই এর উদ্দেশ্যে ছেড়ে যাবেএবং চেন্নাইএর স্থানীয় সময় দুপুর ১২:৪৫ মিনিটে পৌঁছাবে। এছাড়া চেন্নাই থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার স্থানীয়সময় দুপুর ১.৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং বিকাল ৪.৩০ মিনিটে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬:০০ টায় ঢাকায় পৌঁছাবে।

 

 

 

Comments (0)
Add Comment