পৌনে ৭ কোটি টাকা ক্ষতিপূরণে ফ্লাই গ্লোবালের সঙ্গে সমঝোতায় বিমান

পৌনে ৭ কোটি টাকা ক্ষতিপূরণে ফ্লাই গ্লোবালের সঙ্গে সমঝোতায় বিমান।

মালয়েশিয়ার উড়োজাহাজ ইজারাদাতা প্রতিষ্ঠান ফ্লাই গ্লোবাল থেকে তিনটি উড়োজাহাজ ইজারা নিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর সঙ্গে বৈমানিক ও ক্রুসহ আনুষঙ্গিক সেবা নিতে গিয়ে বিপত্তিতে পড়ে বিমান। ফ্লাইট শিডিউল বিপর্যয়সহ নানা কারণে ক্ষতির সম্মুখীন হতে হয় রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিবহন সংস্থাটিকে। ফলে ফ্লাই গ্লোবালের পাওনা অর্থ আটকে দেয় বিমান কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ৪০ লাখ ডলার (প্রায় ৩৪ কোটি টাকা) দাবি করে মামলার হুমকি দেয় ফ্লাই গ্লোবাল। শেষ পর্যন্ত ৮ লাখ ডলার (৬ কোটি ৭৩ লাখ টাকা) ক্ষতিপূরণ পরিশোধের মাধ্যমে ফ্লাই গ্লোবালের সঙ্গে সমঝোতায় এসেছে বিমান।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, ২০১৮ সালে এক বছরের ওয়েট লিজ চুক্তির ভিত্তিতে ফ্লাই গ্লোবালের তিনটি বোয়িং-৭৭৭ উড়োজাহাজ নিজস্ব বহরে যুক্ত করে বিমান। ওয়েট লিজের শর্ত অনুযায়ী ফ্লাই গ্লোবালের বৈমানিক ও ক্রু দিয়ে এসব উড়োজাহাজের ফ্লাইট পরিচালনা করতে গিয়ে বিভিন্ন সময় বিপত্তির সম্মুখীন হয় বিমান। নির্ধারিত সময়ে ফ্লাইট ছেড়ে না যাওয়া, হঠাৎ ক্রু অসুস্থ হয়ে পড়াসহ বিভিন্ন কারণে সংকটের মুখোমুখি হয় বিমান কর্তৃপক্ষ। চুক্তি শেষে বিমান কর্তৃপক্ষ তিনটি উড়োজাহাজই ফেরত পাঠায়। গত বছরের ১৭ নভেম্বর ফ্লাই গ্লোবাল থেকে ইজারায় আনা সর্বশেষ উড়োজাহাজটিও ঢাকা ছেড়ে যায়।
তবে চুক্তি শেষে উড়োজাহাজগুলো ফেরত পাঠানোর পর ইজারাদাতা প্রতিষ্ঠান ফ্লাই গ্লোবাল বকেয়া হিসেবে বিমানের কাছে ৪০ লাখ ডলার দাবি করে চিঠি পাঠায়। কিন্তু বিমান অর্থ পরিশোধের উদ্যোগ না নেয়ায় তারা ক্ষতিপূরণ দাবি করে মামলার সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে সমঝোতা করতে গত সপ্তাহে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালক (প্ল্যানিং) এয়ার কমডোর মাহবুব জামানের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল মালয়েশিয়ায় যায়। সেখানে দুই পক্ষের মধ্যে আলোচনায় ৮ লাখ ডলার ক্ষতিপূরণের বিষয়ে একটি সিদ্ধান্ত হয়।
এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফ্লাই গ্লোবালের সঙ্গে যে চুক্তি হয়েছিল, তারা সেভাবে সার্ভিস দেয়নি। লিজে আনা উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনায় প্রায়ই ভোগান্তির মধ্যে পড়তে হয় যাত্রীদের, যার পরিপ্রেক্ষিতে উড়োজাহাজগুলো ফেরত পাঠানো হয়েছে।
জানা গেছে, বিমানের সঙ্গে লিজ চুক্তি অনুযায়ী হজ ফ্লাইট পরিচালনায় প্রতি ঘণ্টার জন্য ৯০০ ডলার ও শিডিউল ফ্লাইট পরিচালনায় প্রতি ঘণ্টার জন্য ৬৫০ ডলার করে পরিশোধের জন্য ফ্লাই গ্লোবালের সঙ্গে চুক্তি করেছিল বিমান। তবে বিভিন্ন সময় ফ্লাইটে নানা জটিলতা দেখা দেয়ায় বিমান ফ্লাই গ্লোবালের কিছু পাওনা পরিশোধ বন্ধ রাখে।
প্রসঙ্গত, বর্তমানে বিমানের বহরে উড়োজাহাজ রয়েছে ১৩টি। এর মধ্যে চারটি বোয়িং-৭৭৭-৩০০ ইআর ও দুটি বোয়িং-৭৮৭ ‘ড্রিমলাইনার’ উড়োজাহাজ। এছাড়া রয়েছে চারটি বোয়িং-৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ-৮-কিউ-৪০০ উড়োজাহাজ। বহরের এ ১৩টি উড়োজাহাজের মধ্যে পাঁচটি আনা হয়েছে লিজ চুক্তির আওতায়। এর মধ্যে দুটি বোয়িং-৭৩৭-৮০০ উড়োজাহাজ লিজ নেয়া হয়েছে জিই ক্যাপিটাল এভিয়েশন সার্ভিসেস থেকে। তিনটি ড্যাশ-৮-কিউ-৪০০ উড়োজাহাজের মধ্যে দুটি স্মার্ট এভিয়েশন ও একটি নরডিক এভিয়েশন ক্যাপিটালের (এনএসি) দীর্ঘমেয়াদি ড্রাই লিজ চুক্তির আওতায় বিমানবহরে যুক্ত রয়েছে।

Comments (0)
Add Comment