বহু বার বলেছিলাম বোয়িং বিমান বাতিল করতে, লায়ন এয়ার শোনেনি!

বহু বার বলেছিলাম বোয়িং বিমান বাতিল করতে, লায়ন এয়ার শোনেনি!

বিমান দুর্ঘটনায় স্বামীকে হারিয়েছেন তিনি। লায়ন এয়ারের ওই অভিশপ্ত বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটির পাইলটের আসনে ছিলেন গরিমা শেঠির স্বামী, ৩১ বছরের ভব্যে সুনেজা। ঘটনার তিন মাস পরে গরিমা অভিযোগ তুললেন, তিনি একাধিক বার লায়ন এয়ারকে এবং বোয়িং কর্তাদের কাছে অনুরোধ করেছিলেন, ওই বিমানটি বাতিল করার জন্য।

গত বছরের অক্টোবর মাসের ২৯ তারিখে ইন্দোনেশিয়ার জাকার্তায় ভেঙে পড়ে এই একই মডেলের বোয়িং বিমান। মারা যান ১৮৯ জন। গরিমা শেঠির অভিযোগ, তিনি ওই ঘটনার পর থেকেই একাধিক বার লায়ন এয়ার সংস্থাকে অনুরোধ করেছিলেন, এই বিমানটি ওড়ানো বন্ধ করতে। লায়ন এয়ারের তরফে তাঁকে নিশ্চিত করা হয়েছিল, তারা বিমানের সুরক্ষা সব রকম ভাবে পরীক্ষা করেছেন। বিমানটি নিরাপদ।

এখন আর আফশোসের সীমা নেই গরিমার। বারবার মনে হচ্ছে, তাঁর কথা যদি তখন লায়ন এয়ারের কর্তারা শুনতেন, তা হলে হয়তো প্রিয়তম মানুষটিকে হারাতে হতো না অকালে। এড়ানো যেত ইথিওপিয়া দুর্ঘটনা। ৩১ বছরের গরিমার কথায়, “আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু কেউ শোনেনি আমাদের কথা।”

এই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে রাজি হননি লায়ন এয়ারের কর্তারা।

বোয়িংয়ের দিকে অভিযোগের আঙুল উঠেছিল গত বছরের জাকার্তা দুর্ঘটনার পরেই। কিন্তু বোয়িংয়ের তরফে বারবার নিশ্চিত করা হয়েছে, তাদের ৭৩৭ ম্যাক্স ৮ বিমানটি সম্পূর্ণ ভাবে ত্রুটিমুক্ত। তার পরেও চলতি মাসের জানুয়ারিতে ইথিওপিয়ার আদ্দিস আবাবা বিমানবন্দর থেকে উড়ান নেওয়ার মিনিট কয়েকের মধ্যেই আছড়ে ভেঙে পড়ে বোয়িং বিমান। ১৫৭ জন মারা যান।

তদন্তে প্রকাশ পায়, জাকার্তা এবং আদ্দিস আবাবার দুর্ঘটনার ধরন একই রকম। দু’ক্ষেত্রেই বিমানের নাক নীচের দিকে ঝুঁকে যায় এবং সেটা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন ককপিটের ক্রু মেম্বাররা।

গরিমা এবং ভব্যের পরিবার সূত্রের খবর, ভারতের নয়াদিল্লির বাসিন্দা দুই তরুণ-তরুণীর দেখা হয় ম্যাট্রিমোনিয়াল সাইটে। শুরু হয় বন্ধুত্ব, প্রেম। ২০১৬ সালের জুলাই মাসে বিয়ে করেন তাঁরা। বিয়ের কিছু দিন পরেই ইন্দোনেশিয়া উড়ে যান তাঁরা। সংসার পাতেন সেখানেই।

গরিমার স্মৃতিচারণায় বারবার উঠে আসছিল সেই সংসারের কথা। প্রায় সপ্তাহান্তেই পার্টি করতেন তাঁরা। নেমন্তন্ন করতেন বন্ধুবান্ধবদের। পিজ্জা থেকে বিরিয়ানি, খেতেন এবং খাওয়াতেন সব কিছুই। ভব্যে খুব ভাল শেফ ছিলেন বলেও জানালেন গরিমা। বললেন, “ও রাঁধতে ভালবাসত। আর ভালবাসত উড়তে!”

লায়ন এয়ার সংস্থার সব চেয়ে কমবয়সি ক্যাপ্টেন ছিলেন ভব্যে সুনেজা। গরিমা জানালেন, প্রথম প্রথম বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮-কে খুব ভাল বিমান বলতেন ভব্যে। কিন্তু জাকার্তার ঘটনার পরে তিনিই জানিয়েছিলেন, এই সমস্যাটা মোকাবিলা করার প্রশিক্ষণ পাইলটদের নেই। এমনকী, ইথিওপিয়া দুর্ঘটনার আগে, এক বার জাকার্তা থেকে বালি এই বিমান উড়িয়েছিলেন ভব্যে। সেই বারও কিছু অসুবিধা হয়েছিল। সে কথা গরিমাকে বলেওছিলেন তিনি।

এর পরেই গরিমা একাধিক বার লায়ন এয়ারের কাছে অনুরোধ করেন, তাঁর পরিবারের মানুষটির সুরক্ষার স্বার্থে তিনি চান, ওই বিমানটিকে বসিয়ে দেওয়া হোক। গরিমার শ্বাশুড়ি অর্থাৎ ভব্যের মা-ও তাঁর ছেলের জন্য একই আবেদন রাখেন। এমনকী ভব্যে নিজেও বিমানটির সমস্যা নিয়ে একটি পাওয়ার পয়েন্ট প্রেজ়েন্টেশন তৈরি করে সংস্থার কর্তাদের সঙ্গে আলোচনা করেন।

কিন্তু এত কিছুর পরেও বোয়িং ৭৩৭-কে বসাতে রাজি হননি লায়ন এয়ারের কর্তারা। বারবার দাবি করেছেন, তাঁদের তরফে সব দিক খুঁটিয়ে দেখা হয়েছে। কোনও ত্রুটি নেই। ইন্দোনেশিয়ার ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি কমিটির তরফে অবশ্য দাবি করা হয়, বিষয়টি তাদের কানে এলেও তারা কোনও প্রমাণ পাননি।

জানুয়ারি মাসেও গরিমা শেষ বারের জন্য আবেদন রাখেন লায়ন এয়ারের কাছে। তাঁরা দাবি করেন, একটি সফ্টওয়্যারের মাধ্যমে সমস্ত কিছু পরীক্ষা করছেন তাঁরা। “আমি তখনও বলেছিলাম, পরীক্ষা চলাকালীন অন্তত বন্ধ থাক বোয়িংয়ের উড়ান। ওঁরা কানই দিলেন না আমার কথাই। দিলে হয়তো….”– গলা বুজে আসে গরিমার।

Comments (0)
Add Comment