কেনিয়ার জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে আগুন

কেনিয়ার জোমো কেনিয়াত্তা বিমানবন্দরে আগুন।

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ার রাজধানী নাইরোবির প্রধান বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নাইরোবির জোমো কেনিয়াত্তা বিমানবন্দরের এ অগ্নিকাণ্ডের ঘটনার পর বিমানবন্দরের একটি প্রস্থান টার্মিনাল বন্ধ করে দেয়া হয়েছে।

বুধবার স্থানীয় সময় মধ্যরাতের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, লাগেজ ব্যবস্থাপনায় ত্রুটির কারণে হঠাৎ টার্মিনালে আগুনের সূত্রপাত। যাত্রীদের বিমানবন্দর থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।

কেনিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ (কেএএ) বলছে, কার্যক্রম সাময়িক বন্ধ থাকলেও বৃহস্পতিবার আবারও তা শুরু হয়েছে।

এক বিবৃতিতে কেএএ বলছে, ‘বুধবার রাত ১১টা ৪৪ মিনিটের দিকে জোমো কেনিয়াত্তা বিমানবন্দরের টার্মিনাল ওয়ান সি ও তল্লাশি কাউন্টার ৭ এবং ৮ এ যান্ত্রিক ত্রুটির কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।’

এতে বলা হয়েছে, ‘বিমানবন্দরের সব যাত্রী ও স্টাফদের টার্মিনাল ওয়ান-সি থেকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিমানবন্দরের ফায়ার রেসপন্স টিমের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিভিয়ে ফেলেছে। এ ঘটনায় কেউ আহত হয়নি।’

Comments (0)
Add Comment